নায়লা নাঈম এবার টিভি নাটকে

মডেল-অভিনেত্রী নায়লা নাঈম আলোচনায় এসেছিলেন নিজেকে খোলামেলাভাবে উপস্থাপনের কারণে। এরই মধ্যে আলোচিত এই মডেল ও অভিনেত্রী কাজ করেছেন মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রের আইটেম গানেও। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টেজ শো’র ব্যস্ততা তো আছেই। এবারে তাঁকে দেখা যাবে ঈদের একটি টিভি নাটকে। ‘মাস্তি আনলিমিটেড’ নামের এ নাটকটির পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। আজ থেকে নাটকটির শুটিং শুরু হলেও নায়লা নাঈম যোগ দেবেন কাল থেকে।
‘মাস্তি আনলিমিটেড’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক হচ্ছে তাঁর। নিজের জীবনের প্রথম টিভি নাটক উল্লেখ করে বললেন, ‘আমি তো কখনো টিভি নাটকে অভিনয় করিনি। এটাও ঠিক, আমি অভিনয়ও শিখিনি। তাই অভিনয় করতে খুব একটা সাহস দেখাই না। “মাস্তি আনলিমিটেড” নাটকে অভিনয় করতে রাজি হয়েছি কয়েকটি কারণে। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে, সহশিল্পী হিসেবে সালমান মুক্তাদিরকে পাওয়া। দ্বিতীয়ত; নাটকটির গল্প এবং তৃতীয়ত নাটকটির নির্মাণ ভাবনা। সবকিছু মিলিয়ে মনে হলো, নতুন কিছু করেই দেখি না। আমার বিশ্বাস, অন্যরকম কিছু একটা হবে।’
নায়লা নাঈম এরই মধ্যে দুটি চলচ্চিত্রের আইটেম গানে অভিনয় করেছেন। ছবি দুটি হচ্ছে— তন্ময় তানসেনের ‘রান আউট’ এবং হাবিবুল ইসলামের ‘রাত্রির যাত্রী’। সামনে আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তানিম রহমান অংশু পরিচালিত ছবিটির নাম ‘আদি’।
এখন থেকে টিভি নাটকে নিয়মিত তাঁকে দেখা যাবে কিনা জানতে চাইলে নায়লা নাঈম বলেন, ‘আগেই বলেছি, অভিনয়টা কিন্তু আমি শিখে আসিনি। কাজ করতে করতে যা সম্ভব আয়ত্ব করছি। এখন নির্মাতারা যদি মনে করেন, আমাকে দিয়ে তাঁদের কাজটি করা সম্ভব হবে এবং তাঁদের ভাবনা আমার পছন্দ হলে নাটকের কাজ করতেও আমার খুব একটা আপত্তি নেই।’