নায়িকা এবার মডেল

‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন নাজিফা তুষি। সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো নাটক নয়, অভিনয় করবেন শুধু চলচ্চিত্রে। সেই সঙ্গে মডেল হবেন বিজ্ঞাপনচিত্রে। প্রতিযোগিতার পরই নাজিফা অভিনয় করেছিলেন রেদওয়ান রনির ছবি ‘আইসক্রিম’-এ। এবার পূরণ হলো তাঁর দ্বিতীয় ইচ্ছে। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।

গত সপ্তাহে নাজিফা অংশ নেন একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে। কুড়িল ফ্লাইওভারের নিচে হয়ে গেল সেটার শুটিং। প্রথম কোনো বিজ্ঞাপনের মডেল হওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘ভালো লাগছে। এখন দর্শক নিয়মিত আমাকে দেখতে পাবেন।’ জানালেন, একই বিজ্ঞাপনে মডেল হয়েছেন অভিনেত্রী নাজনীন চুমকিও। তাঁর কাছ থেকে সহযোগিতা পেয়েছেন তুষি। বললেন, ‘চুমকি আপু স্কুটি চালিয়েছেন, আমি পেছনে বসে ছিলাম। অনেক মজা পেয়েছি।’ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।
নতুন সিনেমা নিয়ে তুষি বললেন, ‘বেশ কয়েকটি সিনেমায় কাজ করার কথা চলছে। শিগগির একটি সুখবর দিতে পারব আশা করি।’