নায়িকা পালালেন, সিনেমা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কুসুম কুসুম প্রেম’ নাটকের একটি দৃশ্যে মিমি ও সুজাত শিমুল
‘কুসুম কুসুম প্রেম’ নাটকের একটি দৃশ্যে মিমি ও সুজাত শিমুল

প্রায় ১৫ বছর সহকারী পরিচালক হয়ে কাজ করার পর নিজেই সিনেমা নির্মাণে আসেন সোম তীর্থ হোর। কিন্তু সেই ছবিটিও তাঁর করা হলো না। শুটিং সেট থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন নায়িকা। ছবির আইটেম গানের শুটিংয়ের জন্য বিদেশে যেতে হবে। সেটা জানার পরই পালিয়ে যান নায়িকা। ছবি না হওয়ায় বিপদে পড়ে যান পরিচালক এবং অনবরত প্রযোজকের বকা খেতে থাকেন।
সিনেমা পরিচালনার এ গল্পটি ‘কুসুম কুসুম প্রেম’ নাটকের। এতে পরিচালকের অভিনয় করেছেন মোশাররফ করিম ও প্রযোজক তারিক আনাম খান। একই নাটকে গুরু-শিষ্যের অনবদ্য অভিনয় ও নাটকের আকর্ষণীয় গল্প ঈদে বিনোদনের খোরাক জোগাবে বাংলা নাটকের দর্শকদের।
নাটকে দেখানো সিনেমার গল্পের নায়ক চমক। দুটো ‘মিউজিক ভিডিও’ ও একটি বিস্কুটের বিজ্ঞাপন করার পরেই সিনেমায় নাম লেখান এই অভিনেতা। তবে বাজারে আসার আগেই সেই বিস্কুট কোম্পানি বন্ধ হয়ে যায়। তবু গর্ব করে সেই পরিচয়টি দিয়ে থাকেন তিনি।
ঈদের ধারাবাহিক ‘কুসুম কুসুম প্রেম’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ফারুক আহমেদ, রাশেদ মামুন, সুজাত শিমুল, সারিকা, মিমি প্রমুখ। ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন এনটিভিতে দেখানো হবে নাটকটি। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।