নিজের কথা বলবেন অপূর্ব

অপূর্ব। জনপ্রিয় অভিনেতা। আজ শনিবার হাজির হবেন আরটিভির টিপস অ্যান্ড ফান-বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে। বলবেন নিজের অনেক অনেক কথা। জনপ্রিয় এ অভিনেতার জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন নিজেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও বলবেন তিনি।
‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য। সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানটি শুরু হবে রাত ১২টা ১ মিনিটে। অনুষ্ঠানটির উপস্থাপক মারিয়া নূর ও তৌসিফ মাহবুব। দর্শকেরা ফোন, এসএমএস আর ই-মেইলের মাধ্যমে যোগ দিতে পারবেন অনুষ্ঠানটিতে।
এদিকে অনেক দিন পর সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অপূর্ব। এসেই যোগ দিয়েছেন অভিনয়ে। এর মধ্যে রয়েছে ধারাবাহিক ও একক নাটক। নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ঈদের কিছু কাজ করছি। আরও কিছু নাটকে অভিনয়ের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ঈদ পর্যন্ত টানা ব্যস্ত থাকব।’