নির্মলেন্দু গুণের প্রিয় গানগুলো

কবি নির্মলেন্দু গুণের প্রিয় গান কোনটি? ‘অনেক গুলো’ বললেন কণ্ঠশিল্পী অদিতি মহসিন। ছোটপর্দার এক অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণের সেই অনেক পছন্দের গানগুলোর মধ্য থেকে কয়েকটি গান শোনানো হয়েছে তাঁকে। এ অনুষ্ঠানের নাম ‘আলোর ভুবনে’; এটি উপস্থাপনা করছেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন।
আজ শনিবার সকালে অদিতি মহসিন বলেন, ‘সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মেধা, শ্রম ও নিষ্ঠায় নিজেদের নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। বিভিন্ন অঙ্গনের এমন আলো ছড়ানো মানুষদের প্রিয় গান আর গানবিষয়ক গল্প নিয়েই আমাদের এই অনুষ্ঠান।’
অদিতি মহসিন বলেন, ‘এরই মধ্যে অনেকেই এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। আমরা তাঁদের পছন্দের গান শুনেছি। সেসব কিংবা আরও অনেক গান নিয়ে তাঁদের সঙ্গে আড্ডা দিয়েছি।’

অদিতি মহসিন আরও জানিয়েছেন, কবি নির্মলেন্দু গুণ তাঁর কাছ থেকে শুনতে চেয়েছেন রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’। এ ছাড়া তাঁর পছন্দের আরও কয়েকটি গান শুনিয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রি। তিনি গেয়েছেন নজরুলসংগীত ‘খেলিছ এ বিশ্ব লয়ে’, রজনিকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’ আর মান্না দের ‘পৌষের কাছাকাছি’ গানগুলো।
অদিতি মহসিন বলেন, ‘কবি নির্মলেন্দু গুণের সঙ্গে কথা বলে যতটা বুঝেছি, রবীন্দ্রসংগীত তাঁর সবচেয়ে প্রিয়।’
মাছরাঙা টিভিতে প্রতি শনিবার রাত নয়টায় প্রচারিত হচ্ছে ‘আলোর ভুবনে’। এ অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।