নির্মাতার জীবন নিয়ে 'সময়কাল'

নাটক বা টেলিছবি নির্মাণের মাধ্যমে বরাবরই নানা ধরনের বার্তা দিয়ে থাকেন রেজানুর রহমান। নির্মাণেও আনেন আলাদা ধরনের বৈচিত্র্য। এবারও তাই করলেন। একজন চলচ্চিত্রকারের জীবনসংগ্রামকে নিয়ে নির্মাণ করলেন টেলিছবি ‘সময়কাল’।
‘সময়কাল’ টেলিছবিটির কাহিনি প্রসঙ্গে রেজানুর রহমান বলেন, ‘সময়কাল’ টেলিছবিতে আমরা দেখব অসংখ্য চলচ্চিত্রের নির্মাতার জীবনের গল্পকে। দেশে-বিদেশে অনেক পুরস্কারজয়ী এই নির্মাতার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। কিন্তু একদিন এক ছবির শুটিংয়ে অসতর্ক মুহূর্তে ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারাত্মক অসুস্থ হন তিনি। শয্যাশায়ী নির্মাতা আর উঠে দাঁড়াতে পারেন না। তাঁর অসুস্থতা যত বাড়ে আশপাশের মানুষ, আত্মীয়-স্বজন, এমনকি বন্ধুরাও ততই দূরে সরে যেতে থাকে। একপর্যায়ে করুণ এক বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় এ চিত্র পরিচালকের গোটা পরিবার। টেলিছবির গল্প এভাবেই এগিয়ে যায়।’
‘সময়কাল’ টেলিছবিতে পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর। নির্মাতার সন্তানদের ভূমিকায় অভিনয় করেছেন এরফান সাজ্জাদ ও সুকর্ন হাসান।
‘সময়কাল’ টেলিছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শহীদুল আলম সাচ্চু, মোহাম্মদ বারী, উপস্থাপক শফিউজ্জামান লোদী, আনজাম মাসুদ, মিডিয়া কর্মী রাজু আলীম এবং অ্যানী খান।
টেলিছবিটি প্রচারিত হবে আগামীকাল রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।