নিশোর পাগলামি!

ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। শাহবাগ মোড় পার হতেই চোখে পড়ল রাস্তার মাঝখানে একজন বসে আছেন। কৌতূহল নিয়ে চারপাশ তাকিয়ে দেখছেন। চারপাশের চলন্ত মানুষ ও যানবাহনের দিকে তাকিয়ে হাসছেন আপনমনে। কখনো বা হাসতে হাসতে কোনো পথচারীর হাত চেপে ধরছেন। পথচারীর কেউ কেউ ভয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। অন্ধকারে একটু খেয়াল করে দেখতেই চেনা গেল। এ যে অভিনেতা আফরান নিশো! পেছনে ফিরতেই পাশ থেকে ভেসে এল পরিচালকের ‘কাট!’ তিনি দূরে পদসেতুর দিকে তাকিয়ে ক্যামেরা সামনে নিয়ে আসার নির্দেশ দিলেন।
গতকাল দৃশ্য ধারণ চলছিল ‘শহরের কক্ষপথে’ নামে এক ঘণ্টার টেলিভিশন নাটকের। জানালেন, পরিচালক ম্যাক কামাল। রচনা আহমেদ তৌকীর।
নিশো এবার ক্লোজ-আপ দৃশ্যের জন্য প্রস্তুত। নিশো নিজেই ট্রাফিক পুলিশকে বললেন, ‘ভাই, দেখবেন আবার গাড়ি চাপা দিয়ে মেরে না ফেলে।’ বলে আবারও চলে গেলেন রাস্তায়। কথা হলো নিশোর সঙ্গে। নিশো জানালেন, নাটকে তাঁর চরিত্রের নাম রায়হান। গল্পে দেখা যাবে, রায়হান শহরের সময়ের সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করতে পারে না। সময় নিয়ে সে বিভ্রান্ত হয়। কখনো সে সময় থেকে পিছিয়ে কখনো বা সময় থেকে এগিয়ে থাকে। রায়হান তার জীবনের দায় চাপায় ঘড়ির ওপর। সময়মতো সে কিছুই করতে পারে না। এভাবে একসময় তার জীবনটাই উল্টাপাল্টা হয়ে যায়।
নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ১৩ মার্চ থেকে। রাজধানীর কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, কারওয়ান বাজার, শাহবাগ, সচিবালয় এলাকাসহ বিভিন্ন স্থানে দৃশ্যধারণ হয়েছে নাটকটির। নাটকে আরও অভিনয় করছেন সানজিদা প্রীতি। পরিচালক জানালেন, ‘শহরের কক্ষপথে’ নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।