নীলকষ্টে পপি

তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী পপি। বড় পর্দায় বেশ কয়েক বছর তাঁর নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ও করছেন না তিনি। সবকিছুর পরও ঈদে দেখা যাবে এই অভিনয়শিল্পীকে। তবে সেটা ছোট পর্দায়। একুশে টিভির জন্য একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বি ইউ শুভর পরিচালনায় নীলকষ্ট নামের টেলিছবিতে দেখা যাবে তাঁকে। এতে তাঁর সহশিল্পী অপূর্ব।
টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘প্রতিবছরই আমি দু-একটা টেলিছবি ও নাটকে কাজ করি। আমি চাই সারা বছর না হোক, অন্তত ঈদের সময় যেন ভক্তরা আমাকে খুঁজে পান। আর এ টেলিছবির গল্পটা বেশ ভালো লেগেছে।’
অনেক দিন ধরে বড় পর্দায় অনুপস্থিত পপি। কারণ হিসেবে বললেন, ‘আমি বড় পর্দাতেও নিয়মিত কাজ করতে চাই। কিন্তু চরিত্র ও গল্প অবশ্যই আমার মনের মতো হতে হবে। চাইলে আমিও গা ভাসাতে পারি। কিন্তু আমি সেটা চাই না। এমন চলচ্চিত্রে অভিনয় করতে চাই যাতে মানুষ মনে রাখেন।’
এদিকে নীলকষ্ট নাটকটি ছাড়াও ঈদে কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানেও তাঁকে দেখা যাবে বলে জানান পপি ।