নেতিবাচক চরিত্রের প্রতি আমার দুর্বলতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আরটিভিতে আজ শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক সম্পর্ক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে অভিনয় ও ঈদের কিছু কাজ নিয়ে কথা হলো এই অভিনেতার সঙ্গে।
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

আপনাকে তো অনেক দিন পর ধারাবাহিক নাটকে পাওয়া যাবে।
একদম ঠিক। অনেক দিন ধরে নাটক থেকে একটু দূরে ছিলাম। এই নাটকের শুটিংয়ের পুরোটাই হয়েছে থাইল্যান্ডে। সাধারণত বিদেশে শুটিং করা নাটকগুলো অত ভালো হয় না। এটার বেলায় তা ঘটেনি। এই নাটকের প্রযোজক যেখানে যা দরকার—শুটিংয়ের জন্য বাড়ি, রেস্তোরাঁ, রিসোর্ট সব ভাড়া করেছেন। পুরো আয়োজন খুব পেশাদার ছিল। অনেক দিন পর এই নাটকে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি।
নেতিবাচক চরিত্রে অভিনয় করলে আপনার ভক্তদের মনে এর বিরূপ প্রভাব পড়বে না?
অভিনেতা হিসেবে নেতিবাচক চরিত্রের প্রতি আমার বরাবরই দুর্বলতা আছে। যখনই কোনো চ্যালেঞ্জিং নেতিবাচক চরিত্র পাই, সেটা করতে চাই।
ঈদের তো বেশ কিছু নাটক পরিচালনা ও অভিনয় করলেন। এর মধ্যে এগিয়ে রাখবেন কোনটিকে?
যদি নির্মাণের ব্যাপার হয়, তা হলে রিচি সোলায়মান, মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নিয়ে বাপের বেটা নামে একটি নাটক নির্মাণ করেছি। সাত পর্বের এই নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে মোশাররফ করিমের ছেলে আ খ ম হাসান। কিন্তু দুজনই প্রায় সমবয়সী। এটাই নাটকের আসল রহস্য! ঈদে মানুষ যে ধরনের আনন্দ ও মজা করতে চায়, তার একটা পূর্ণ প্যাকেজ বলতে পারেন।
আর অভিনয়ের ব্যাপারে যদি বলেন, তা হলে খানিকটা হতাশ। এবার কাজ করে ভালো লাগেনি।
তা হলে কেন করেছেন?
অনেক দিন টিভি পর্দা থেকে দূরে ছিলাম। ঈদে মানুষ নাটক দেখে। তাই নতুন কিছু গল্প শুনে আকৃষ্ট হয়েছিলাম। তবে মাসুদ সেজানের লাভ অ্যান্ড কোং নাটকটি একটু অন্য রকম লেগেছে।
ঈদ করছেন কোথায়?
আমার সন্তান ও স্ত্রী থাকে অস্ট্রেলিয়ায়। ঈদে সেখানে যেতে পারি। আবার দেশেও থাকতে পারি। মায়ের সঙ্গে ঈদ করব, না সন্তানদের সঙ্গে করব—এখনো ঠিক করতে পারিনি।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক