পছন্দের নির্মাতার সঙ্গে নিউইয়র্কে শুটিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ‘আগন্তুক’ টেলিছবির শুটিংয়ে আফজাল হোসেনের সঙ্গে মিলা হোসেন
নিউইয়র্কে ‘আগন্তুক’ টেলিছবির শুটিংয়ে আফজাল হোসেনের সঙ্গে মিলা হোসেন

কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন মডেল ও অভিনয়শিল্পী মিলা হোসেন। দেশ ছাড়ার আগে গুণী অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় অনেক বিজ্ঞাপনচিত্রের কাজ করেছিলেন। মাঝেমধ্যে নিউইয়র্ক থেকে ঢাকায় এলে টুকটাক নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করতেন। কিন্তু এই সময় মিলা তাঁর পছন্দের মানুষ ও নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ তিনি পেয়ে গেলেন নিউইয়র্কেই।

‘আগন্তুক’ নামের নতুন একটি টেলিছবিতে আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন মিলা। শুধু তা-ই নয়, এই টেলিছবিতে সহশিল্পী হিসেবেও পেয়েছেন তাঁকে।

২০০০ সালে ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ হয়েছিলেন মিলা। এরপর একের পর এক বিজ্ঞাপন করে দ্রুত পরিচিতি পেয়েছিলেন মডেলিংয়ে। পাশাপাশি অভিনেত্রী হিসেবেও নজর কেড়েছিলেন। মডেল ও অভিনেত্রী হিসেবে যখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, ঠিক তখনই (২০০২ সালে) চলে যান যুক্তরাষ্ট্রে। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি।

আফজাল হোসেন ও মিলা হোসেন
আফজাল হোসেন ও মিলা হোসেন

নিউইয়র্ক থেকে প্রথম আলোকে মিলা হোসেন বলেন, ‘২০০০ সাল থেকে তাঁর সঙ্গে কাজ করছি। আমি যতগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি, তাঁর বেশির ভাগই আফজাল ভাইয়ের নির্দেশনায়। দেশে থাকা অবস্থায় বিশেষ দিবসের টেলিছবিতে তাঁর নির্দেশনায় কাজ করেছি। তিনি আমার পছন্দের একজন নির্মাতা। আমার আদর্শ। অনেক বছর পর তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে।’

নিউইয়র্কের বিভিন্ন জায়গায় ‘আগন্তুক’ টেলিছবির শুটিং হয়েছে। এর আগে মিলা আফজাল হোসেনের পরিচালনায় ‘ছবির মতো মেয়ে’ নামের একটি টেলিছবির অভিনয় করেন।