পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে চাষ!

শিরোনাম দেখে ভড়কে যেতে পারেন যে কেউ। বিনোদন পাতায় এ কেমন সংবাদ! কিন্তু অনুষ্ঠানের নাম যখন ‘হৃদয়ে মাটি ও মানুষ’, তখন এমনটা হওয়াই স্বাভাবিক। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। তাঁর হাত ধরেই রাজধানী ঢাকার বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আলুবীজ রোপণ করল মুন্সিগঞ্জের একটি খেতে। ‘ফিরে চল মাটির টানে’ শিরোনামের জুনিয়র কার্যক্রমের পঞ্চম মৌসুমের অনুষ্ঠান এটি। শীতের সকালে মুন্সিগঞ্জ জেলা সদরের বাগেশ্বর গ্রামে হাজির হয়েছিল ২০ জন শিক্ষার্থী এবং ‘হৃদয়ে মাটি ও মানুষ’ টিম। শিক্ষার্থীরা শীতের পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি বাগেশ্বর গ্রামের কৃষক মিলন মাতব্বরের ৫ শতাংশ জমিতে আলু রোপণ করেছে। শহরে বেড়ে ওঠা এই শিক্ষার্থীরা কী করে এই অসাধ্য সাধন করল, তা দেখার জন্য চোখ রাখতে হবে চ্যানেল আইতে ১২ ডিসেম্বর রাত ৯টা ৫০ মিনিটে।