পদ্মার পারে 'মায়াবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মায়াবতী’র সাজে ভাবনা
‘মায়াবতী’র সাজে ভাবনা

টানা পাঁচ দিন ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মার পারে আছেন নির্মাতা অনিমেষ আইচ। এমন খবর পেয়ে যোগাযোগ করা হলো তাঁর সঙ্গে। কিন্তু তাঁকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। শুধু জানা গেল, সেখানে মায়াবতী নামে একটি টেলিছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। পরে কথা হলো মায়াবতীর নায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে। কথার শুরুতেই তিনি বললেন, ‘এটা এমন জায়গা যে মুখে বলে বোঝাতে পারব না। সুন্দর গ্রাম। আর মানুষগুলো এত ভালো! আমি তো মুগ্ধ। তবে মুঠোফোনের নেটওয়ার্কের একটু সমস্যা আছে।’

ভাবনা জানালেন, গ্রামবাসীর ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সেখানে শুটিং করছেন মায়াবতী নামে একটি টেলিছবির। এই টেলিছবির রচনা ও পরিচালনা অনিমেষ আইচের। বরাবরের মতো ভিন্ন ধরনের একটা চরিত্রকে ক্যামেরাবন্দী করছেন এই পরিচালক। সেই চরিত্রের অভিনেত্রীই ভাবনা। নতুন এই চরিত্র নিয়ে তিনি বললেন, ‘আমার বয়স ১৬ বছর। আমার একটা অসুখ আছে। রাতের বেলা একা একা হেঁটে বেড়াই। এতে গ্রামের সবার ধারণা, আমি একটা অদ্ভুত ক্ষমতার অধিকারী। এ রকম একটা গুজব উঠলে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করে।’ এমন চরিত্রে ঢোকার জন্য পরিচালক, মেকআপম্যানসহ সবার সহযোগিতা ছিল। পরিবর্তন আনতে হয়েছে গেটআপেও। লেন্স পরে চোখের রং পরিবর্তনের পাশাপাশি চুলেও জট ধরাতে হয়েছে। এমন অবস্থায় শুটিং বেশ ঝক্কির। ভাবনা বললেন, ‘দর্শকের জন্যই এত পরিশ্রম। তাদের জন্যই “মায়াবতী” সাজা।’

এই মায়াবতীকে ঘিরে আছে পরিবারের গল্প। আছে একটা  গ্রামের গল্প। এসব গল্প ভাবনাসহ ফুটিয়ে তুলেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, রওনক হাসানসহ প্রমুখ। 

টেলিছবিটি দেখা যাবে আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।