পরিচালকই সাবিলার নায়ক!

হোয়াট ইজ লাভ নাটকের কাজ কিছুদিন হলো শেষ করেছেন সাবিলা নূর। নাটকটির পরিচালক শাফায়েত মনসুর রানা। আবার তিনিই হলেন এই নাটকে সাবিলার নায়ক।
চারটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে হোয়াট ইজ লাভ নাটকটি। তিনটি গল্পে অভিনয় করতে দেখা যাবে জন-অপর্ণা ঘোষ, মিশু সাব্বির-সোনাইয়া হোসাইন ও সাজ্জাদ–শায়লা সাবিকে। চতুর্থ গল্পের জন্য পরিচালক নিজেই কোমর বেঁধে নেমে গেলেন অভিনয়ে। রানা বললেন, তাঁর শুরুটা হয়েছিল অভিনয় দিয়েই। বছর চারেক হলো অভিনয়কে একেবারেই বিদায় জানিয়ে মন দিয়েছেন পরিচালনায়। তবে এবার এই নাটকটির জন্য আবার অভিনেতার পরিচয়ে ফিরলেন তিনি। রানা বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। দীর্ঘ বিরতির পর অভিনয় করাটা অনেক কঠিন।’
এদিকে রানার নায়িকা সাবিলা পরিচালককে সহ-অভিনেতা হিসেবে পেয়ে অনেক খুশি। বললেন, ‘রানা ভাইয়ের পরিচালনায় প্রথম কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে প্রথম অভিনয়ও করা হয়ে গেল। পরিচালকের মুখোমুখি হয়ে যখন সংলাপ বলতে হয় কিংবা সামনে বসা নায়ক যখন নিজেই “অ্যাকশন”, “কাট” বলে উঠছেন, সেই সময়টা সত্যিই বেশ উপভোগ্য।’