পরিচালকের ক্যামেরায় পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক রেদওয়ান রনির নাটকে অভিনয় করছেন আরেক পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। সম্প্রচার শুরুর অপেক্ষায় থাকা একটি টেলিভিশন চ্যানেলের জন্য রনি নির্মাণ করতে যাচ্ছেন ধারাবাহিক নাটক ক্যান্ডি ক্র্যাশ। রনির ভাষ্যমতে, নাটকে মানসিক জটিলতায় আক্রান্ত একজন যুবকের চরিত্রে দেখা যাবে ফাহমিকে।
রনির পরিচালনায় আগেও অভিনয় করেছিলেন ফাহমি। সে সময় তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী অপি করিম। নতুন নাটকে ফাহমির বিপরীতে থাকবেন মিথিলা। আজ শুরু হচ্ছে নাটকটির শুটিং। এ প্রসঙ্গে রনি ফেসবুকে লিখেছিলেন, ‘দীর্ঘ আট বছর পর বন্ধু ফাহমি আমার ক্যামেরার সামনে। ক্যান্ডি ক্র্যাশ আসছে নাগরিক টিভিতে। আট বছর আগে বিপরীতে আমি নামে এনটিভির জন্য একটি ফিকশন তৈরি করেছিলাম। সেখানে ফাহমির বিপরীতে ছিল প্রিয় অপি করিম। এবারেও থাকছে নতুন চমক!’
প্রথম আলোর সঙ্গে আলাপে রনি বলেন, ‘ফাহমি মাঝে মাঝে অভিনয় করে। তার অভিনয় বেশ সাবলীল। ইদানীং তার চুল-দাড়ি বড় হয়ে গেছে। একটু পাগলাটে দেখাচ্ছে। আমাদের নাটকে এ রকম লুকের একটি চরিত্রে কাজ করবে সে।’
জনপ্রিয় এক গেমসের নামে নির্মিত তারকাবহুল এই নাটকে আরও আছেন পূর্ণিমা, সুমন পাটওয়ারী, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। ক্যান্ডি ক্র্যাশ নাটকটির চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী।