পরিচালনা কমিয়ে দেবেন সালাহউদ্দিন লাভলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মি. পাষাণ ইন পলিটিক্স নাটকে সালাহউদ্দিন লাভলু
মি. পাষাণ ইন পলিটিক্স নাটকে সালাহউদ্দিন লাভলু

‘নাটক যে প্রক্রিয়ায় নির্মাণ হয়, যে প্রক্রিয়ায় প্রচার হয়, তা আমার কাছে মোটেও ভালো লাগে না। বলতে পারেন আমি আসলে কোনো মজা পাই না। এ কারণেই ঈদের পর নাটক পরিচালনা কমিয়ে দেব। মনোযোগী হব অভিনয়ে এবং সিনেমা পরিচালনায়।’ ঈদের পরের পরিকল্পনা নিয়ে এমনটাই বললেন পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু।
তাহলে নাটক নিয়ে কি হতাশ এই গুণী পরিচালক? ‘ঠিক হতাশ বলব না, শুধু প্রক্রিয়াটা নিয়ে চিন্তিত।’
আগামী বছর থেকে ঈদে নাটক পরিচালনার কাজ কমিয়ে দেবেন। বাড়াবেন অভিনয়। এবার তিনটি নাটক পরিচালনা করেছেন। এর মধ্যে বাংলাভিশনে প্রচার হবে জামাইবন্দী, আরটিভিতে লাঠিপাগল এবং চ্যানেল আইতে আত্মশুদ্ধি। শুরুর দুটি ছয় পর্বের ধারাবাহিক হলেও শেষেরটি খণ্ডনাটক।
অভিনয় করেছেন হিমেল আশরাফের পরিচালনায় মি. পাষাণ ইন পলিটিক্স ও সাগর জাহানের সিকান্দার বক্স নাটকে। দুটি নাটকই আগের নাটকের সিক্যুয়াল। এর মধ্যে মি. পাষাণ ইন পলিটিক্স নিয়ে আশাবাদী তিনি। গত ঈদে নাটকটি সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে মি. পাষাণ ইন পলিটিক্স। নাটকের গল্প নিয়ে তিনি বলেন, ‘আসলে নাটকে আমি একজন সন্ত্রাসী। কিন্তু একসময় রাজনীতিতে যোগ দিতে চাই। এটা নিয়েই গল্প।’
এমন সার্থক নির্মাতা পরিচালনা কমিয়ে দিচ্ছেন, এটা সুখবর নয়। তবে সুখবর এটা হতেই পারে, একজন ভালো অভিনেতা আবার নিয়মিত হচ্ছেন আমাদের বিনোদন–মাধ্যমে।
তবে কথা শেষ হওয়ার মুহূর্তে জানিয়ে রাখলেন আরও একটা সুখবর। খুব তাড়াতাড়ি নতুন সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন। হতে পারে এটা ঈদের পরই। সালাহউদ্দিন লাভলু নির্মিত মোল্লাবাড়ির বউ সিনেমার মতো জনপ্রিয় সিনেমা আবার হয়তো দেখতে পাবেন দর্শক।