পর্দায় অতিমানবীর নাম 'কালি'

দিনের আলোয় সাধারণ মানুষের মতো জীবন যাপন করলেও রাতের অন্ধকারে বদলে যায় তার রূপ। চোখের সামনে ঘটে যাওয়া সমাজের নানা অসংগতি নিজের অতিমানবীয় শক্তি দিয়ে দূর করে এক অজ্ঞাতপরিচয় নারী। ঢাকা নিবাসী এই অতিমানবীর নারীর নাম ‘কালি’।
এমনই এক গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে সুপারহিরো সিরিজ ‘কালি’। অমিত আশরাফের রচনা ও পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজরা মাহমুদ। আরও অভিনয় করেছেন বাকার বকুল, রীতু সাত্তার, মনিরুজ্জামান মনি, সুমন ঘোষ, শান রহমান, লিজা আসমা প্রমুখ।
‘কালি’র সঙ্গে অতিমানব ‘সুপারম্যান’-এর মিল খুঁজে পাওয়া যায়। জনসমক্ষে একজন এনজিওকর্মীর আড়ালে যে লুকিয়ে রাখে নিজের অমিতশক্তিকে।
‘কালি’ নিয়ে অমিত আশরাফ বলেন, ‘আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ ক্ষমতা দিয়ে যে সমস্যাগুলো দূর করতে চাই কিন্তু পারি না, সেসব সমস্যা সমাধানের জন্যই “কালি”র আবির্ভাব। এমনই এক থিম নিয়ে আমি এই ফিকশনটি নির্মাণ করেছি।’
‘কালি’ ওয়েব সিরিজের প্রথম আবর্তে দেখানো হবে পাঁচটি পর্ব, জানালেন পরিচালক।