পল্লিকবির বাড়ির সামনে 'ইত্যাদি'

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে ফরিদপুরে। কুমার নদের তীরে পল্লিকবি জসীম উদ্দীনের পৈতৃক বাড়ির সামনে অনুষ্ঠানটি ধারণ করার সময় উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার দর্শক-শ্রোতা।
পল্লিকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি ‘নকশি কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’ আর তাঁর বিভিন্ন কবিতার ভাবনা দিয়ে সাজানো হয় মঞ্চ। ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই আমন্ত্রিত দর্শক ছাড়াও আশপাশের রাস্তায় দাঁড়িয়ে, বিভিন্ন গাছের ডালে ও নৌকায় বসে, নদীর পাড়ে হাঁটুপানিতে দাঁড়িয়ে শত শত লোক অনুষ্ঠানটি উপভোগ করেন।
এবারের ইত্যাদি অনুষ্ঠানে থাকছে একাধিক প্রতিবেদন। প্রতিবেদনগুলোর বিষয়, ‘ফরিদপুর এবং পল্লিকবি জসীম উদ্দীন’, ‘ব্রাহ্মণবাড়িয়ার অন্ধশিল্পী হেলাল মিয়ার পরিবারের সাতজন সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী’, ‘আলোকচিত্রশিল্পী আবু তাহেরের কর্ম তাঁকে ঘনিষ্ঠ করেছে অসংখ্য গুণীজনের সঙ্গে’।
বিদেশি প্রতিবেদনটি তৈরি হয়েছে স্পেনের বার্সেলোনায়। এবারের বিষয় ঐতিহাসিক গির্জা ‘সাগরাদা দ্য ফ্যামিলিয়া’। এর নির্মাণ ইতিহাস আর স্থাপত্যশৈলী পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে।
পল্লিকবি জসীম উদ্দীনের জনপ্রিয় একটি গান গেয়েছেন পান্থ কানাই। পল্লিকবির জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সমন্বয়ে তৈরি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শতাধিক শিল্পী। নৃত্য পরিচালনায় ছিলেন মো. বেলায়েত হোসেন ও হাসিবুজ্জামান। গান দুটির সংগীতায়োজন করেছেন মেহেদী।
দর্শক পর্বে দর্শকদের সঙ্গে পল্লিকবি জসীম উদ্দীনের কয়েকটি জনপ্রিয় গানে অংশ নিয়েছেন ফকির আলমগীর ও জহির আলীম। নিয়মিত পর্ব হিসেবে আছে মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে কিছু সরস নাট্যাংশ।
ইত্যাদি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, পল্লিকবি জসীম উদ্দীনের পৈতৃক বাড়ির সামনে ধারণ করা ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে ২৯ জানুয়ারি রাত আটটার বাংলা সংবাদের পর।