পশ্চিমবঙ্গে নিশোভক্তের পাগলামি
ভারতের পশ্চিমবঙ্গে ঢাকার নাটকের অনেক ভক্ত। বিশেষ করে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অপূর্বদের নাটক নিয়মিত দেখেন সেখানকার দর্শক। ঢাকার টিভি চ্যানেলগুলো সেখানে দেখা না গেলেও ইউটিউবের কল্যাণে বাংলাদেশের অভিনয়শিল্পীরা সেখানকার প্রিয় মুখে পরিণত হয়েছেন। এই তারকাদের নিয়ে সেখানে রয়েছে নানা রকম উন্মাদনাও।
গতকাল বুধবার ছিল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এদিনে ভিডিও কলে পশ্চিমবঙ্গের ভক্তদের সঙ্গে যুক্ত হয়ে অন্য রকম এক অভিজ্ঞতার হলো নিশোর। রাতে জন্মদিনের প্রথম প্রহরে ছোটখাটো আয়োজনে পরিবারের সঙ্গে কেক কাটেন নিশো। দুপুরে ঘুম থেকে উঠে যান উত্তরায় ভক্তদের একটি আয়োজনে। নিশো জানান, গতবারও ভক্তরা তাঁকে নিয়ে এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। নিশো বলেন, ‘এঁরা আমার রক্তের কেউ নন। চিনি না, জানি না, আমার কাছে তাঁদের কোনো স্বার্থও নেই। তবু তাঁরা আমাকে যে এত ভালোবাসেন, এটা আমার জন্য বড় পাওয়া। তাই এবারও তাঁদের কাছে গিয়েছি, তাঁদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি।’
জন্মদিন নিয়ে পরিবার বা নিজের কোনো উন্মাদনা নেই নিশোর। ঘটা করে জন্মদিন উদ্যাপন করতে গেলেই পরিবারের অনেকের মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। নিশো বলেন, ‘ছোটবেলা আমার জন্মদিন নিয়ে খুব হইহুল্লোড় করতাম। অন্য রকমের উন্মাদনায় কাটত জন্মদিন। তখন এসব ভালো লাগত। এখন বয়স হয়েছে। এখন আর জন্মদিনে উৎসব, উদ্যাপন টানে না। পরিবার থেকে ‘করার জন্য করা’ হয়। কিন্তু ভক্তদের তো আর বারণ করতে পারি না। তাঁদের ভালোবাসার মূল্য অনেক। তাই দিনের বেশির ভাগ সময় তাঁদের সঙ্গেই কাটাই।’
এদিকে বুধবার জন্মদিনের বিকেলে নিশো যখন বাংলাদেশের ভক্তদের সঙ্গে আড্ডারত, তখন ওপার বাংলা থেকে একদল ভক্তের গ্রুপ ভিডিও কল আসে। এ সময় তাঁদের সঙ্গেও যুক্ত হন নিশো। ওপার বাংলা থেকে ভিডিওতে যুক্ত ছিলেন অ্যানজেলা হ্যালসোনা, পূজা সাহা, রূপসা চ্যাটার্জি, ইমতি, কথা কলি ঘোষ ও সোহম চক্রবর্তী। ভিডিওতে প্রিয় অভিনেতাকে পেয়ে চঞ্চল হয়ে ওঠেন তাঁরা। সোহাম চক্রবর্তী নিশোকে বলেন, ‘অনেক দিন থেকে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা। সেই ইচ্ছা আজ পূরণ হলো।’ শুনে নিশো বলেন, ‘লাভ ইউ, লাভ ইউ। এখানে আমরা একজন আরেকজনকে মন থেকে ভালোবাসি।’ রূপসা চ্যাটার্জি বলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কি না জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে—সবখানেই নিশোকে দেখি আমি।’
অ্যানজেলা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় মেয়েদের একটি স্কুলের লাইব্রেরিয়ান। নিশোকে তিনি জানান, তাঁর জন্মদিনে কোনো কেক কাটেননি। কিন্তু কেকের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষকে খাইয়েছেন। রূপসা চ্যাটার্জি তাঁর হাতে নিশোর নামে ট্যাটুও করেছেন। ভিডিও কলে সেটা নিশোকে দেখান।
ভক্তের এমন পাগলামিতে আশ্চর্য হন নিশো। তিনি বারবার ওই ভক্তকে জিজ্ঞাসা করছিলেন, এটা কি সত্যি? রূপসা চ্যাটার্জি ট্যাটু দেখিয়ে বারবার বলতে থাকেন, ‘হ্যাঁ, এটা সত্য। আমার ইচ্ছা, প্রতিবছর জন্মদিনে আপনার নামে এমনভাবে একটি করে ট্যাটু করা।’ ভিডিও কলে যুক্ত ভক্তরা নিশোকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন। নিশোও তাঁদের বলেছেন, সময় বের করে অবশ্যই তিনি কলকাতা যাবেন। তাঁদের সঙ্গে দেখাও করবেন।’
জন্মদিনে শুটিং না রাখলেও আজ বৃহস্পতিবার থেকে শুটিংয়ে ফিরেছেন নিশো। এই মুহূর্তে একটি ওয়েব ফিল্মের শুটিং করছেন তিনি।