পাঁচ মিনিটের 'অ্যারেঞ্জড ম্যারেজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারেঞ্জড ম্যারেজ নাটকের দৃশ্যে তাহসিন ও আসিফ
অ্যারেঞ্জড ম্যারেজ নাটকের দৃশ্যে তাহসিন ও আসিফ

এইটুকুই বাকি ছিল। মডেল ও অভিনয়শিল্পী আসিফ ও তাহসিনের। পাতানো বিয়ে-টিয়ে নয়, ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন এই দুই তরুণ শিল্পী। পাঁচ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দু’জন। নতুন দম্পতির খুনসুটি ফুটিয়ে তুলেছেন তাঁরা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ‘লাভ এক্সপ্রেস’ সিরিজের এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ সিরিজটির পঞ্চম চলচ্চিত্র হিসেবে দেখানো হবে।

‘লাভ এক্সপ্রেস’ পরিচালনা করছেন আতিক জামান। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানালেন, ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার ছোট ছোট গল্প নিয়ে ‘লাভ এক্সপ্রেস’ সিরিজের আওতায় বানানো হয়েছে দশটি স্বল্পদৈর্ঘ্য।

‘অ্যারেঞ্জড ম্যারেজ’ এর মাধ্যমে তিন বছর পর অভিনয়ে ফিরছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী তাহসিন। তিনি বললেন, ‘গল্পটা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনারই একটা, বেশ মজার। মনে হয়েছে, আমি চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব। তবে এখন একটু চিন্তায় আছি। অনেক দিন পর অভিনয় করলাম তো, জানি না সবাই কীভাবে গ্রহণ করবেন।’

তাহসিন জানান, আবারও অভিনয়ে নিয়মিত দেখা যাবে তাঁকে। এরই মধ্যে অবশ্য বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ব্যক্তিগত সমস্যার কারণে করা হয়ে ওঠেনি। সবকিছু গুছিয়ে নিয়েই শুরু করবেন তিনি। তাহসিন বলেন, ‘মাঝে তো একটা বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলাম।’

পাঁচ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ দেখা যাবে আজ মঙ্গলবার রাত আটটায় দেখাবে অনলাইন-পপকর্নলাইভ ডট টিভি।