পাথর চোখে তিন দিন

চোখের ওপর আলাদা একটি পাথরের চোখ লাগিয়ে শুটিং করলেন অভিনেত্রী ফারজানা ছবি। ‘কানি মা’ নামের একটি টেলিছবির জন্যই বাড়তি চোখ লেগেছে তাঁর। ‘কানি মা’ টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন নুইব হাসান। গত সপ্তাহে টানা তিন দিন টেলিছবিটির শুটিং হলো গাজীপুরের জয়দেবপুরে।
জানা গেল, গল্পটি মূলত ফারজানা ছবির ‘কানি মা’ চরিত্রটি ঘিরে। যাকে বিভিন্ন সময় টেলিছবিতে ২৫ থেকে ৮০ বছর বয়সী নারীর চরিত্রে দেখা যাবে।
এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘নারীপ্রধান গল্পে এর আগেও আমি বেশ কয়েকবার অভিনয় করেছি। তবে এবারের গল্প ও সাজসজ্জায় ভিন্নতা আছে। চরিত্রের প্রয়োজনে শুটিং চলার পুরোটা সময় আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পরে কাজ করতে হয়েছে। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন।’
পরিচালক বলেন, এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও রিফাত চৌধুরী। তবে সবকিছুর শেষে জানা গেল, ‘কানি মা’র বড় চমক ফারজানা ছবির ছেলের চরিত্রে ফজলুর রহমান বাবুর অভিনয়। আসছে নারী দিবসে প্রচারিত হবে ‘কানি মা’, এমনটা জানালেন নাটকের নির্মাতা।