পাষানের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাষান আর আসবেন না’ নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু ও তানজিন তিশা
‘পাষান আর আসবেন না’ নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু ও তানজিন তিশা

শুরু হয়েছিল ২০১৪ সালে। আরটিভিতে ওই বছর ঈদুল ফিতরে প্রচার হয়েছিল পাষান চরিত্রের প্রথম নাটক ‘মি. পাষান’। ওই বছরই ঈদুল আজহায় প্রচারিত হয় পাষানের দ্বিতীয় সিক্যুয়েল ‘মি. পাষান এখন নেতা হইতে চায়’।

পরের বছর ঈদে আবার পর্দায় আসে পাষানের নতুন গল্প। নাম দেওয়া হয় ‘পাষান ইন লাভ’। কিন্তু পাষান এলেও হারিয়ে যান নাটকটির নাট্যকার ফারুক হোসেন। ছুটি কাটাতে কক্সবাজারে গিয়ে সমুদ্রে নিখোঁজ হন তিনি।
নাট্যকারের বিদায়ের পর পরের ঈদে পর্দায় দেখা মেলেনি পাষানের। ‘পাষান’ সিরিজের নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছিলেন, ফারুক হোসেন হারিয়ে যাওয়ার পর আর ওইরকম চিত্রনাট্য পাওয়া যায়নি। তাই আর নির্মাণ করা সম্ভব হয়নি।
তবে এক ঈদের বিরতির পর আবার গত ঈদে পর্দায় এসেছিল পাষান। ফারুক হোসেনের পরিবর্তে ‘পাষান ইজ ব্যাক’ নামের সিক্যুয়েল নাটকটি লিখেছিলেন মেজবাহ উদ্দিন। ক্যামেরার পেছনে ছিলেন যথারীতি হিমেল আশরাফ।
আগামী ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে পাষান সিরিজের নতুন সিক্যুয়েল। সঙ্গে নতুন খবর হলো, আর কখনো পর্দায় দেখা মিলবে না পাষানরূপি সালাহউদ্দিন লাভলুর। ‘পাষান আর আসবেন না’ নামের মধ্যে দিয়ে বিদায় নিচ্ছে এই চরিত্র। এ বছর নাটকটির যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ ও মেজবাহ উদ্দিন।
ক’দিন আগে নাটকটির শুটিং হলো সাভারের একটি রিসোর্টে। পাষানের বিদায় প্রসঙ্গে নির্মাতা হিমেল আশরাফ বললেন, ‘পাষান চরিত্রটি ফারুক ভাইয়ের তৈরি। তাই তার মতো করে আমরা কেউই এটা ধারণ করতে পারছিলাম না। আরও একটা কারণ হলো, উনি চলে যাওয়ার পর নির্মাণ করতে গিয়ে বারবার আমি আবেগাপ্লুত হয়েছি। খুব খারাপ লেগেছে। এ কারণে মনে হয়েছে যত তাড়াতাড়ি পারি শেষ করে দিই।’
গত চারটি পাষানের সালাহউদ্দিন লাভলুর সঙ্গে পর্দায় এসেছেন তিশা, শখ, অপর্ণা, সাবিলা নূর। শেষ সিক্যুয়েলে অভিনয় করেছেন তানজিন তিশা। এ ছাড়া প্রাণ রায়সহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে ‘পাষান আর আসবেন না’ নাটকে।
পরিচালক জানালেন, ঈদে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।