পাহাড়পুরে 'চাঁদের শহর'

পাহাড়পুরে শুটিং হলো টেলিছবি ‘চাঁদের শহর’-এর। পরিচালক রাজিব হাসান বলেন, গল্পের প্রয়োজনেই সেখানে শুটিং করা। ‘পাহাড়পুরে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের খোঁজে চীন থেকে আসেন একজন। তাঁর সঙ্গে যোগ দেন দেশীয় একটি চক্র। তবে সম্পদের চেয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু বই খোঁজা ওই লোকের উদ্দেশ্য, এটা বুঝে ফেলে আরেকজন। ঘটতে থাকে নানা ধরনের ঘটনা।’
এ ধরনের কাহিনি বেছে নিলেন কেন? নির্মাতা বলেন, ‘আমি একটু অন্যরকম গল্প নিয়ে কাজ করতে বেশি উৎসাহী। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরেও তো অনেক কিছু নিয়ে গল্প বলা যায়। এটি তারই চেষ্টা। তবে ‘‘চাঁদের শহর’’ যে একেবারে প্রেমহীন গল্প, তা নয়।’

‘চাঁদের শহর’-এ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিরব, মিথিলা, তারেক স্বপন, শিপলু, প্রণব, বর্ষা ও সুচিতা।
পাহাড়পুরে বৌদ্ধ বিহারের পাশাপাশি টেলিছবিটির শুটিং হয়েছে নওগাঁ, জয়পুরহাট ও ঢাকায়। ঈদুল আজহায় এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।