পিতা-পুত্রের সংগীতচর্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে আয়াশের সঙ্গে অপূর্বর গান গাওয়ার মুহূর্ত
ছেলে আয়াশের সঙ্গে অপূর্বর গান গাওয়ার মুহূর্ত

‘বাবা, গা গা।’ শুটিং থেকে ফেরার পর গত সোমবার রাতে বাবার দিকে নিজের ছোট্ট গিটারটা এগিয়ে দিয়ে বলল আয়াশ, অভিনয়শিল্পী অপূর্বর ছেলে। আয়াশের বয়স এক বছর তিন মাস। ছেলের আবদার, কী আর করা, গিটার নিয়ে গান গাইতে শুরু করলেন অপূর্ব, ‘ওরে নীল দরিয়া ...।’
পিতা-পুত্রের এই সংগীত চর্চা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আয়াশের সঙ্গে বসে যখন গান করি, তখন সারা দিনের শুটিংয়ের ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। এখন তো আয়াশও আমার সঙ্গে গলা মেলাতে চেষ্টা করে।’
অপূর্ব বলেন, ‘আমার গিটার নিয়ে অনেক আগে থেকেই নাড়াচাড়া করত আয়াশ। এখন ওকে ছোট্ট একটা গিটার দিয়েছি। আয়াশ তার ছোট্ট গিটারটা নিয়ে আমার অপেক্ষায় বসে থাকে।’ তিনি বলেন, ‘পিতা-পুত্রের সংগীত চর্চার এ সময়টা দারুণ উপভোগ করছি।’
তিন দিন আগে অপূর্ব আয়াশের সঙ্গে তাঁর এই সংগীতচর্চার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিগুলো অনেকেই পছন্দ করেছেন।
ফেসবুকের এই ছবিগুলো নিয়ে কথা হয় অপূর্বর সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর আয়াশ যখন গান করি, তখন আমার বউ তা ক্যামেরাবন্দী করেছিল। ফেসবুকে সবাই যে ছবিগুলো দেখেছেন, সে সময় আমি “ওরে নীল দরিয়া” গানটি গাইছিলাম। দেখি আয়াশও গুনগুন করে গাইছে!’
অপূর্ব আরও জানিয়েছেন, পুত্র আয়াশের সঙ্গে তাঁর এমন মজার মজার অনেক ঘটনাই ভিডিও ক্যামেরায় ধারণ করা আছে। ভবিষ্যতে এগুলো ইউটিউব কিংবা ফেসবুকে দেওয়ার ইচ্ছে আছে তাঁর।