পিয়ার সঙ্গে তামিম ইকবাল

দুই ভুবনের দুই বাসিন্দা। তাঁদের একসঙ্গে দেখার কথা ভাবাই যায় না সহজে। তবুও তাঁরা এক হলেন এবং দাঁড়ালেন ক্যামেরার সামনে। ব্যাট হাতে মাঠে জ্বলে ওঠা তামিম ইকবালকে দেখা যাবে মডেল ও অভিনেত্রী পিয়ার সঙ্গে। একটি আবাসন প্রকল্পের মডেল হলেন তাঁরা। পাশাপাশি প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবেও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তামিম।
এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে তামিমের অভিনয়প্রতিভা নজরে এসেছিল দর্শকদের। তবে এবারের বিজ্ঞাপনটি একদিক থেকে তামিমের জন্য বিশেষ কিছু। কারণ প্রতিষ্ঠানটি তামিমের নিজ শহর চট্টগ্রামের। তামিম বলেন, ‘মূলত এ জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাহলে চট্টগ্রামবাসীর জন্য এটি গর্বের বিষয় হবে।’

এদিকে তামিমের সঙ্গে পর্দায় জুটি বাঁধা পিয়া বর্তমানে আছেন ভারতে। সেখানে মডেলিং এজেন্সি ‘মাসকট’-এর সঙ্গে দুই মাসের চুক্তিতে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজে অবস্থান করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সঙ্গে কথা হয়। ক্রিকেটার তামিম ইকবালের বিপরীতে কাজ করতে পেরে ভালো লাগার অনুভূতির কথা জানিয়েছেন পিয়া। তিনি বলেন, ‘এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কাজ। এ ছাড়া তামিম ইকবাল একজন ভালো ক্রিকেটার। সব মিলিয়ে কাজটি করতে পেরে খুশি হয়েছি।’ বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আহমেদ জামান।