পুরুষ ডাকাতের চরিত্রেও অভিনয় করেছেন তিনি
সবার চেনা ফারজানা ছবির ছবিটা একজন শিল্পীর। দিন, মাস, বছর পেরিয়ে তিনি পার করেছেন ক্যারিয়ারের ২৫ বছর। দীর্ঘ সময়। লেগে থাকা, টিকে থাকা, জয় করার মতো কঠিন শব্দগুলোর পাশাপাশি হাঁটতে হাঁটতে তিনি কেবল অভিনয়টুকু করে গেছেন। তাঁর সেই ভ্রমণের কিছুটা আজ জেনে নেওয়া যাক। কে শক্তিশালী, শিল্পীসত্তা নাকি ব্যক্তিসত্তা?
অভিনয়ের প্রথম দিনটি মনে পড়ে? ফোনের ও পাশে ছবির কণ্ঠ শোনা যায়, ‘স্পষ্ট মনে পড়ে। লিও তলস্তয়ের “দ্য লেটার” অবলম্বনে “চিঠি” নামের একটা নাটকে অভিনয় করেছিলাম। তখন ক্লাস এইটের ছাত্রী, নির্দেশক ছিলেন আবদুল্লাহ আল মামুন। তিনি তখন বাংলাদেশ টেলিভিশনের গেস্ট ডিরেক্টর। আমি অভিনয় করেছিলাম কেন্দ্রীয় নারী চরিত্র পদ্মর ভূমিকায়। বয়সটা যাতে একটু বেশি দেখায়, সে জন্য শাড়ি পরে যেতে বলেছিলেন মামুন স্যার। লাল একটা শাড়ি পরে গিয়ে দেখি, বসে আছেন ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আবুল হায়াত, কে এস ফিরোজ, এস এম মহসিন, সোহেল আরমান, জহির বিপ্লব। বড় বড় শিল্পী সবাই। মামুন স্যার আমাকে থিয়েটার স্কুলে ডেকেছিলেন। স্ক্রিপ্ট হাতে দিয়ে বলেছিলেন, “পড়ো”। বেশ ঘাবড়ে গিয়েছিলাম সেদিন।’
চার বছর বয়সে নাচ শিখতে শুরু করেন ফারজানা ছবি। বুলবুল ললিতকলা একাডেমিতে তাঁর শিক্ষক ছিলেন রাহিজা খানম ঝুনু, সোহেল রহমান, সাদিয়া ইসলাম মৌ। নাচের মেয়ে অভিনয়ে, ঘাবড়ে যাওয়ারই কথা। তখন এসে হাতটা ধরেছিলেন ফেরদৌসী মজুমদার। প্রতিটি সংলাপ যেন পাখির মতো করে ঠোঁটে তুলে দিয়েছেন তিনি। সেই থেকে হলো শুরু। আজও দিনগুলো চোখের সামনে ভাসে। তিনটি ক্যামেরায় চলছিল দৃশ্য ধারণ। নবীন অভিনয়শিল্পী ছবি সেটা বুঝতে পারছিলেন না। এ নিয়ে কিঞ্চিৎ বিরক্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন। ছবি বলেন, ‘মামুন আংকেলকে তখন শান্ত করছিলেন ফেরদৌসী আন্টি, আর আমাকে শেখাচ্ছিলেন কী করতে হবে।’ বহু বছর পর বছরখানেক আগে আবারও ফেরদৌসী মজুমদারের সঙ্গে দেখা হয়, একটি নাটকে কাজের সুবাদে। ছবি বলেন, ‘ফেরদৌসী আন্টিকে সেদিন বললাম, এখন তো অনেক ব্যস্ত থাকতে হয়। পরিবার, কাজ কত কিছু...। অনেক কিছু করে উঠতে পারি না। আন্টি বললেন, “যে মানুষ যত ব্যস্ত, সে মানুষ তত বেশি কাজ করার ক্ষমতা রাখে।” নতুন একটা জিনিস শিখলাম সেদিন।’
ফোনের ও পাশে শোনা যায় শিশুদের উচ্ছ্বসিত স্বর। বাড়িতে একটি কেক এসেছে। ছবির দুই শিশুসন্তান অভিরূপ আর অনির্বাণ সেটা বুঝে নিতে মাকে ডাকতে থাকে। ছবি জানান, কানাডা থেকে কেকের অর্ডার করেছেন তাঁর বড় বোন হাসিনা আখতারের স্বামী মোহাম্মদ উদ্দিন। এসেছে আরও নানান উপহার। কেক যিনি এনেছেন, কুরিয়ারের প্রতিনিধি, অভিনেত্রী ছবির সঙ্গে একটি ছবিও তুলে ফেললেন।
শিল্পীজীবনের শুরুতে আবদুল্লাহ আল মামুনকে পাওয়া! আজ সেটা ভাবলে কেমন লাগে? একমুহূর্ত ভেবে ছবি বলেন, ‘থিয়েটার স্কুলে ডেকে তিন–চার দিন কেবল পাঠ করিয়েছিলেন তিনি। প্রতিটি উচ্চারণ সঠিক করা, সবকিছু ধরে ধরে শেখানোর বিষয়গুলো এখন নেই। পরে আতিকুল হক চৌধুরীর নাটকে কাজ করেছি। বিপাশা আপা, মিমি আপাদের সঙ্গে কাজ করেছি। মামুন স্যাররা শিল্পী হওয়ার একটা জার্নি আমাদের মধ্যে শুরু করিয়েছিলেন। আমার সেই জার্নি আজও শেষ হয়নি।’ ছবি জানান, রাতারাতি তারকা হতে কখনোই চাননি তিনি। আজও সেই তাড়া নেই। অভিনয়শিল্পী হতে চেয়েছিলেন সব সময়, চান এখনো। এই বোধটুকু যত দিন নিজের ভেতর অনুভব করবেন, তত দিন কাজ করে যেতে চান তিনি।
গত ২৫ বছর নানা রকম চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। গ্রাম, মেথরপট্টি, ডোমপাড়া, বস্তি বাদ যায়নি এসব জায়গাও। ১৮ বছর বয়সে ৮৫ বছরের বৃদ্ধা, এমনকি পুরুষ ডাকাতের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। চরিত্রের এ পরীক্ষা–নিরীক্ষায় দেশের নানা প্রান্তের নানা শ্রেণির মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। মানুষ দেখার সৌভাগ্য হয়েছে। শেখারও সুযোগ হয়েছে। এসব প্রসঙ্গে ছবি বলেন, ‘আমার শিল্পীসত্তা ব্যক্তিসত্তাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানুষের ভেতর প্রবেশ করেছি। সেসব অভিজ্ঞতা আমাকে বাস্তব জীবনে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। আমার জন্য এ এক অমূল্য পাওয়া। কতটা ভিউ, কতটা পপুলারিটি, কতগুলো অ্যাওয়ার্ড পেলাম এসব কখনো ভাবিনি। আজ যে কথা বলতে পারছি, সেটাও অভিনয়ের কারণেই। শিল্পীসত্তার কাছে আমার ব্যক্তিসত্তা কৃতজ্ঞ। কীভাবে দাঁড়াব, তাকাব, হাতটা কোথায় থাকবে, চুলটা কীভাবে রাখব এত কিছু ঠিকঠাক করে অভিনয় করেছি। এসব শিক্ষা নিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি জানি, শিল্পীজীবন এত সহজ নয়। ছোট ছোট এসব মিলেই আজকের আমি।’
ফোনের ও পাশে শিশুদের কলতান শোনা যায়। শাওয়ারের পানিতে মেঝে ভিজিয়ে ফেলেছে একজন; অন্যজন বলছে, ‘বিশ্বাস করো আম্মু, আমি করিনি।’ আম্মু, ছবি শুধু বললেন, মায়ের অনেক কষ্ট হবে। মাতিয়া বানু শুকুর লেখা ও পরিচালনায় ‘সীমানা পেরিয়ে’ নাটকের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কারে সমালোচকের পুরস্কার পেয়েছিলেন তিনি। অভিনয় করেছিলেন মাতিয়া বানুর রচনা ও রাজু খানের পরিচালনায় ‘বিনি সুতার মালা’, বুলবুল বিশ্বাসের ‘রচান’ ও পঙ্কজ ঘোষের পরিচালনায় ‘ডানা’, মান্নান হীরার রচনা ও পরিচালনায় ‘শঙ্খচূড়’–এর মতো নাটকগুলোয়। আরও ভালো, আরও ব্যতিক্রম সব চরিত্রে কাজ করার ইচ্ছা পুষে রেখেছেন এই অভিনয়শিল্পী।
ছেলেরা জানে তাদের মা ফারজানা ছবির আজ জন্মদিন। যেসব কেক বাড়িতে এসেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর কেকটি আজ কাটা হবে। বাকিগুলো কাটা হবে পরদিন, তার পরদিন। মায়ের জন্মদিন উপলক্ষে বাড়ির বাইরে বেড়াতেও যেতে চায় তারা।