পুরোনো জুটি, নতুন গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ও অপর্ণা
জন ও অপর্ণা

এক বছর আগে ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেন সংগীতশিল্পী জন ও অভিনেত্রী অপর্ণা। অতঃপর... নামের সেই নাটকের পরিচালক ছিলেন শাফায়েত মনসুর রানা। বছর ঘুরে আবারও সেই ভালোবাসা দিবসেই নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন পুরোনো এই ত্রয়ী। জন-অপর্ণা-রানা ত্রয়ীর নতুন নাটকের নাম আমি আকাশ পাঠাব।
নির্মাতা শাফায়েত মনসুর জানান, ৬ থেকে ৯ ফেব্রুয়ারি নাটকটির শুটিং হবে ঢাকায়। নাটকের কাহিনি দর্শকের পাঠানো গল্প থেকে বাছাই করা হয়েছে। গল্পটি নিয়ে জন বলেন, ‘আমি তো অভিনেতা নই। তার পরও কাছের মানুষদের কাছ থেকে মাঝেমধ্যে অভিনয়ের প্রস্তাব পাই। তাঁরা আমাকে ভেবে সেভাবেই গল্প তৈরি করেন। এবার কাজ করছি দর্শকের গল্পে। নির্মাতার কাছ থেকে গল্পটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে। নাটকটিতে নতুনত্ব থাকবে।’ তবে আগেভাগেই নাটকের গল্প নিয়ে মুখ খুলতে নারাজ জন। একই অবস্থা অপর্ণার। তিনি বলেন, ‘এবারের কাজ নিয়ে আগাম কিছু বলতে চাই না। তবে এটুকু নিশ্চিত যে ভালো কিছু হবে।’
শুটিং শুরু না হলেও তৈরি হয়ে গেছে নাটকের একটি গান। গানটির কথা লিখেছেন নির্মাতা নিজেই। গানটি গেয়েছেন রাফা। সুর ও সংগীত পরিচালনাও তাঁর। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই নাটক দেখানো হবে বাংলাভিশনে।