পুরোদস্তুর প্রযোজনায় নওশীন

রেডিওতে কথাবন্ধু হিসেবে কাজের শুরু, নওশীন এরপর নাম লেখান অভিনয়ে। ২০১১ সালে প্রযোজক হিসেবে তাঁর পরিচয় সবার সামনে আসে। তখন ছিল ‘ইহান ক্রিয়েশনস’ নামের ওই প্রযোজনা প্রতিষ্ঠান।
একপর্যায়ে ইহান ক্রিয়েশনস থেকে প্রযোজনা কমিয়ে দেন নওশীন। সম্প্রতি ‘কেবিন ব্যাগ এন্টারটেইনমেন্ট’ নামের আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন তিনি। এখান থেকে নিয়মিত প্রযোজনার কাজ করবেন বলেই ‘প্রথম আলো’কে জানিয়েছেন নওশীন।
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবার আর এক ঘণ্টার নাটক নয়, নওশীন নির্মাণ করতে যাচ্ছেন ধারাবাহিক নাটক। ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘সাইন আপ’। চিত্রনাট্য ও পরিচালনায় রুবায়েত মাহমুদ। নওশীন অভিনয়ও করছেন এতে।
নওশীন বলেন, ‘অনেক দিন ধরে মিডিয়ার সঙ্গে আছি। প্রযোজনার অভিজ্ঞতাও আছে। উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানসিক তৃপ্তির জন্য নিজের মতো করে বলার মতো কিছু নাটক নির্মাণ করতে চাই।’
কেবিন ব্যাগ এন্টারটেইনমেন্ট থেকে নাটকের পাশাপাশি সিনেমা নির্মাণেরও স্বপ্ন দেখছেন নওশীন। বললেন, ‘নতুন প্রতিষ্ঠান, আগে গুছিয়ে নেওয়াটা জরুরি। তবে অদূর ভবিষ্যতে হয়তো সেই ঘোষণাও দিয়ে ফেলতে পারি।’
এদিকে বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করছিলেন পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়ার। গত বৃহস্পতিবার অভিনেতা স্বামী হিল্লোলসহ এক মাসের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নওশীন। নিজের মতো করে কয়েকটা দিন কাটানোর জন্যই তাঁদের এবারের যুক্তরাষ্ট্রে যাওয়া বলেই জানিয়েছেন তিনি।