পুরোনো বাড়ির হাফপ্যান্ট পরা দারোয়ান কিংবা সুইপার সুখলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’ নাটকে আসাদুজ্জামান নূর
ছবি: বিটিভির সৌজন্যে

হাফপ্যান্ট পরা দারোয়ান শাহনূরকে যখন দেখা যায়, সুইপার সুখলালকে তখন দেখা যায় না। সুইপার সুখলালকে যখন দেখা যায়, তখন মালি জগলুল বা মুক্তিযোদ্ধা নাসির আহমেদ বা শাহনূরকে দেখা যায় না। মহল্লার পুরোনো বাড়িটি ঘিরে এলাকার কিছু বালক-বালিকা উৎসুক হয়ে ওঠে। জেগে ওঠে তাদের ভেতরকার গোয়েন্দাসত্তা। এ নিয়ে ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’।

‘আগুনপাখির বাসা’ নামে মহল্লার পুরোনো বাড়িটিতে নাসির আহমেদ নামের এক ব্যক্তি আসেন
ছবি: বিটিভির সৌজন্যে

বাংলাদেশ টেলিভিশন দেখাচ্ছে শিশুতোষ এ গোয়েন্দা ধারাবাহিক। এর ‘আগুনপাখির বাসা’ গল্পে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। নাটকে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদ—চারটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকের তেইশ থেকে ছাব্বিশতম পর্বে দেখা যাবে ‘আগুনপাখির বাসা’র গল্প।

মালি জগলুল বা মুক্তিযোদ্ধা নাসির আহমেদ বা শাহনূরকে কখনও একসঙ্গে দেখা যায় না
ছবি: বিটিভির সৌজন্যে

নাটকের গল্পে দেখা যাবে—গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামে মহল্লার পুরোনো বাড়িটিতে নাসির আহমেদ নামের এক ব্যক্তি এসেছেন। কিন্তু তাঁকে কখনো দেখা যায় না। সেই বাড়িতে আরও তিনজন কাজ করেন, সুখলাল, জগলুল ও শাহনূর। মিতু-টিটুরা লক্ষ করে, এই চারজনকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকেন এবং তাঁদের আচরণ রহস্যময়। খুদে গোয়েন্দার দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের কিছু বীরত্বগাথা।

খুদে গোয়েন্দার দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে রহস্য
ছবি: বিটিভির সৌজন্যে

‘আগুনপাখির বাসা’ গল্পটি দেখানো শুরু হবে ২৬ মার্চ। গল্পটি লিখেছেন স্বপন নাথ, প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। আসাদুজ্জামান নূর ছাড়া এতে অভিনয় করেছে শিশু শিল্পী নদী, তূর্য, আনভিতা ও নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

প্রতি শনিবার সকাল সাড়ে দশটায় ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’ ধারাবাহিকটি দেখাচ্ছে বিটিভি।