পুলক নামে লিখতেন জাহিদ হাসান!

‘এর আগেও আমার গল্পে নাটক নির্মাণ হয়েছে। সেগুলো যেত পুলক নামে। এটা আমার ডাকনাম। তবে এখন আর ওই নামে যায় না। এবারের গল্পটা একটু আলাদা। আমাদের মতো ব্যস্ত মানুষদের একান্ত পারিবারিক গল্প নিয়ে নাটক।’ জাহিদ হাসানের কাছে তাঁর নতুন নাটক গল্পটা পুরানো হবে না নিয়ে প্রশ্ন করলে প্রথমেই তিনি পুরোনো দিনের কথা দিয়ে আলাপ শুরু করেন। জানান, লেখালেখি টুকটাক করেন। কিন্তু কোনো গল্প মাথায় এলে তা প্রকাশ না করে পারেন না। আর সুযোগ হলে সেই গল্পকে নাটকেও রূপ দিয়ে দেন। এই তো এবার যেমনটা ঘটল গল্পটা পুরানো হবে না নাটকের বেলায়। জাহিদ হাসানের গল্প নিয়ে তৈরি নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
কদিন আগে নাটকটির শুটিং হলো কক্সবাজারে। এখন আছে সম্পাদনার টেবিলে।
নাটকের গল্পে দেখা যাবে অফিস নিয়ে সব সময় ব্যস্ত থাকা স্বামীকে চমকে দেওয়ার জন্য তাঁকে কক্সবাজারে নিয়ে যান স্ত্রী। সেখানে গেলে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। একসময় স্বামীকে সত্যি সত্যি চমকে দেন স্ত্রী। তবে কী সেই চমক, সেটা জাহিদ হাসান এখনই ফাঁস করতে চান না। তিনি চান তাঁর গল্পভাবনার এই নাটকটি যেন সবাই দেখেন।
পরিচালক জানালেন, নাটকটিতে জাহিদ হাসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। খুব তাড়াতাড়ি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে এটি।