
এ যেন নাট্যাঙ্গনের এক মিলনমেলা। উপলক্ষ ডিরেক্টরস গিল্ড নির্বাচন। কিন্তু শুধু পরিচালকেরাই নন, শিল্পকলা একাডেমি চত্বরে গতকাল শুক্রবার সারা দিন যেন চলছিল শিল্পীদের আনন্দ উৎসব। ২০০২ সালে পরিচালকদের অধিকার রক্ষার জন্য গঠন করা হয় বাংলাদেশ টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। তবে এবারই প্রথম সরাসরি নির্বাচন হলো। আর তাতেই তৈরি হলো এই উৎসবমুখর পরিবেশ।

গতকাল প্রার্থী, প্রার্থীর সমর্থক ও ভোটারদের পদচারণ ছিল এলাকাজুড়ে। নাট্যশালার নিচে প্রার্থী-সমর্থকদের ছোট ছোট ক্যাম্পে ছিল উত্তেজনা, রোমাঞ্চ। একজন-দুজন করে ভোটার নাট্যশালার আঙিনায় প্রবেশ করলেই তাঁরা ছেঁকে ধরছেন।

সবচেয়ে বেশি জটলা ছিল পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের নিচে লিফটের মুখে। সেখান থেকে নির্বাচনের স্বেচ্ছাসেবীরা ভোটারদের ছয়তলার ভোট বুথে যেতে সাহায্য করছিলেন।

সভাপতি পদে লড়েছেন তিনজন—গাজী রাকায়েত, জাহিদ হাসান ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এস এ হক অলিক ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল হৃদ্যতা। হারজিত যেন মুখ্য বিষয় ছিল না। মোট ২০টি পদে ২০ জনই নির্বাচিত হবেন, সেটা জানা ছিল সবার। কিন্তু তাতে যে পরাজিত প্রার্থীরা মোটেই মন খারাপ করবেন না, সেটা বোঝা যাচ্ছিল সবার শরীরী ভাষায়। আর নির্বাচনে উৎসাহ ছিল কতটা, তা বোঝা যায় ৯০ শতাংশ ভোট পড়ার ঘটনায়। এসব জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।
সকাল থেকেই ভোটাররা আসতে থাকেন। ভোটারদের উৎসাহ দিতে চলে আসেন তাঁদের কাছের মানুষও। ভোট দিতে এসেছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মুস্তাফা মনোয়ারসহ আবুল হায়াত, আমজাদ হোসেন, নাসির উদ্দীন ইউসুফ, লাকী ইনাম, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, মোরশেদুল ইসলাম, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, আফসানা মিমি, শমী কায়সার প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইনামুল হক। দুই সদস্য খাইরুল আলম সবুজ ও এস এম মহসিন। বিকেল পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ।