প্রতিবেদন থেকে 'যা ছিল অন্ধকারে'
>
- ঘরের প্রধান দরজায় বাইরে কালো রঙের একটা ছোট বোর্ড টাঙানো।
- তাতে ইংরেজিতে লেখা ‘ইনকোয়ারি কমিশন’।
- দরজা ঠেলতে গিয়ে ক্যাচ ক্যাচ শব্দ হলো।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের পর তৎকালীন পাকিস্তান সরকার ১৯৭২ সালে বিচারপতি হামুদুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছিল। কমিশনে বক্তব্য দিচ্ছেন ওই সময়ে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের সেনা কর্মকর্তারা। সাক্ষ্য-প্রমাণ নিয়ে কমিশন ১৯৭৪ সালে চূড়ান্ত প্রতিবেদন দিলেও সেটা প্রকাশ করেনি পাকিস্তান সরকার। পরে ২০০০ সালে ভারতের পত্রিকা ইন্ডিয়া টুডে সেটি প্রকাশ করে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে বিশেষ ধারাবাহিক প্রামাণ্য কাহিনিচিত্র যা ছিল অন্ধকারে। এতে হামুদুর রহমানের চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। কমিশনের সামনে সেনা কর্মকর্তারা যা বলেছেন, তারই চিত্রায়ণ হচ্ছে এই কাহিনিচিত্রে।
শুটিংস্থলে গিয়ে দেখা গেল, ঘরের প্রধান দরজায় বাইরে কালো রঙের একটা ছোট বোর্ড টাঙানো। তাতে ইংরেজিতে লেখা ‘ইনকোয়ারি কমিশন’। একই কথা উর্দুতেও লেখা। দরজা ঠেলতে গিয়ে ক্যাচ ক্যাচ শব্দ হলো। ভেতরে বিশালাকার একটা টেবিল। সেটা ঘিরে বসে আছেন ছয়জন। টেবিলের পেছনের দেয়ালে টাঙানো পাকিস্তানের সাবেক গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। ছবির নিচ বরাবর একটা ফুলদানি। আশপাশে পুরোনো আমলের সব জিনিসপত্র। আঙুল ঘুরিয়ে ডায়াল করতে হয় এমন একটা টেলিফোন সেট এক পাশে। শেলফে বেশ কিছু পুরোনো বই। মলাট খসে এসেছে কয়েকটার। এক কোনে টেবিলে রাখা পুরোনো আমলের জগ-গ্লাস, কাপ-পিরিচ। বেশ কয়েকটি চেয়ার ছড়িয়ে রাখা হয়েছে ঘরটা জুড়ে। মেঝেতে লাল কার্পেট। শুরুতে ধাঁধা লাগে, ভুল করে পাকিস্তানের কোনো বৈঠকখানায় চলে এলাম কি না! কিন্তু এই ঘর যদি হয় স্বাধীন বাংলাদেশের একমাত্র সরকারি টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওর ভেতরের সেট, তাহলে তা কেটে যায়।
টেবিল ঘিরে বসে আছেন মামুনুর রশীদ, জিয়াউল হাসান, মোহাম্মদ বারী, খলিলুর রহমান কাদরী, শাহ আলম দুলাল ও মাজনুন মিজান। তাঁদের ঘিরে লাইট ক্যামেরা। বোঝা গেল, বাকি পাঁচজনের জেরার মুখে পড়েছেন মাজনুন মিজান। জেরা শেষ হলে দৃশ্যটি শেষ হয়। জেরার বিষয় ১৯৭১ সালের বাংলাদেশ ও পাকিস্তানের ভেতরের যুদ্ধ।
বিটিভির প্রযোজক আউয়াল চৌধুরীর কাছ থেকে জানা গেল, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শুটিং। পুরোনো ও নতুন মিলিয়ে প্রায় ৫০ জন অভিনয়শিল্পী এতে অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকে মামুনুর রশীদ বললেন, ‘রিপোর্টটি প্রকাশের পরপরই আমরা ২০০০ সালে একবার উদ্যোগ নিয়েছিলাম এটি নিয়ে একটি কাহিনিচিত্র নির্মাণ করার। কিন্তু নানা কারণে হয়নি। এটা যে কত বড় একটা কাজ হচ্ছে এবং বিটিভি যে দারুণ একটা উদ্যোগ নিয়েছে, এ কারণে সাধুবাদ জানাই।’
কাহিনিচিত্রটি রচনা করেছেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। আউয়াল চৌধুরী জানালেন, মহাপরিচালকের উদ্যোগ ও চেষ্টাতেই এমন ইতিহাসনির্ভর কাজটি করা সম্ভব হচ্ছে। জানালেন, আজ ১ মার্চ থেকে ২৫ মার্চ অবধি বিটিভিতে প্রচারিত হবে যা ছিল অন্ধকারে।