প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নির্মাতাদের শপথগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। ছবি: প্রথম আলো

কথা ছিল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু সংসদ অধিবেশনের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত মন্ত্রী উপস্থিত না থাকতে পারলেও প্রতিমন্ত্রী ছিলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে হয়ে গেল শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথম আলোকে এমনটাই জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু একাডেমিতে নির্মাতাদের শপথ বাক্য পাঠ করান এই নির্বাচনের প্রধান কমিশনার চলচ্চিত্রকার আমজাদ হোসেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে নতুন নেতৃত্বকে অভিবাদন জানান নির্মাতারা।

নির্মাতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, মামুনুর রশীদ, আফজাল হোসেন। শপথ গ্রহণকারী নির্বাচিত প্রত্যেক নির্মাতাই নাটকের মানোন্নয়নে কাজ করে যাওয়ার আশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর কাছে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে তারানা হালিম নির্মাতাদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেন। শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থাপনা করেন কৌশিক শংকর দাস। শপথ গ্রহণের পর উপস্থিত সবাইকে সেলিম আল দীনের কবিতা আবৃত্তি করে শোনান আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।

সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘পরিচালকদের সম্মান পুনরুদ্ধার করতে চাই। তাঁদের সম্মান ও পেশাদারের মর্যাদা ফিরিয়ে আনার কাজটি করতে চাই। আমরা সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর দুজন মেধাবী পরিচালককে কর্মশালা করতে বিদেশে পাঠাব। পরিচালকদের কল্যাণের জন্য একটি তহবিল গঠন করব। অসচ্ছল সদস্যদের চিকিৎসা ও পুনর্বাসন এবং আকস্মিক মৃত্যুতে পরিবারকে সহযোগিতা দিতে চাই।’

ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সদস্যদের নিয়ে কেক কাটছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: প্রথম আলো
ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সদস্যদের নিয়ে কেক কাটছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: প্রথম আলো

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক। নতুন নেতৃত্বে কি স্বপ্ন দেখেন তা নিয়ে প্রথম আলোকে বলেন, ‘অনেক ধরনের পরিকল্পনা আমাদের আছে। এই যেমন আমাদের দেশে অনেক মেধাবী নির্মাতা আছেন, যাঁরা কাজ করার সুযোগ পাচ্ছেন না। টেলিভিশন চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। অনেক সময় আমরা এও শুনি, নাটক বানানোর পর নির্মাতাদের অনেকে প্রাপ্য সম্মানী পান না, এই বিষয়টা নিশ্চিত করা। নাটকের আরও যেসব সংগঠন আছে, সেগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। আমি বিশ্বাস করি, এককভাবে কিছুই করা যায় না। আমাদের আসলে অনেক সমস্যা, তাই তো শুরুতে একটা সভা করে সিদ্ধান্ত নেব, কী করব। গত দুই বছর সংগঠনটাকে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি। এখনো অনেক কাজ অপূর্ণ রয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করা।’

আগামী ৩ নভেম্বর ডিরেক্টরস গিল্ডের কার্যালয়ে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে জানান অলিক। সেখানে সবাই মিলে আগামী দিনের পরিকল্পনা ঠিক করবেন বলেও আশ্বাস দেন।

ডিরেক্টর গিল্ডের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি কচি খন্দকার, শহীদ রায়হান, বদরুল আনাম সৌদ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, ফরিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী। কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে আছেন গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারী অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, শহীদ-উন-নবী, সাজ্জাদ সুমন ও মাহমুদ দিদার।

গত ২৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হয়। এর ফল ঘোষণা করা হয় পরদিন ২৯ সেপ্টেম্বর। নির্বাচনে ৫২ প্রার্থী অংশ নেন। ৪৯০ জন ভোটারের মধ্যে ৪৫৬টি ভোট গ্রহণ হয়।