প্রতিযোগিতার বিষয় 'রান্নাঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তীর অ্যাডভান্সড কিচেন’ প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা
‘তীর অ্যাডভান্সড কিচেন’ প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা

কোনো রেসিপি বা রান্নার প্রতিযোগিতা নয়, এবার প্রতিযোগিতা হবে রান্নাঘর নিয়ে। রান্নাঘর একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এখানেই পরিবারের সদস্যদের স্বাদ ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হয়। অথচ এই ঘরটি অবহেলিত এবং অগোছালো থাকে। একটি সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করা হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে। এ অনুষ্ঠানের নাম ‘তীর অ্যাডভান্সড কিচেন’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে ১০ পর্বের অনুষ্ঠান শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইয়ে।

এ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান (নির্বাহী পরিচালক, বিক্রয় ও বিপণন, সিটি গ্রুপ), ইসরারুল হক (নির্বাহী পরিচালক, বিক্রয় ও বিপণন, চ্যানেল আই) এবং সিস্টেম আর্কিটেক্টের প্রধান স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর প্রমুখ।

এখানে জানানো হয়, গতানুগতিক রিয়েলিটি শোর বাইরে নতুন ধরনের একটি শো হবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’। একটি সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। আগ্রহী ব্যক্তিদের কিচেনের ছবি এবং কেন তা রূপান্তর করতে চান বা কিচেন নিয়ে কোনো গল্প পাঠাতে হবে। সারা দেশ থেকে ১০টি কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ টিম। তীর অ্যাডভান্সড কিচেন টিমের নেতৃত্ব দিচ্ছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা, পরিচালনা করবেন আ কা রেজা গালিব।