প্রথম অভিনয় করে পেয়েছিলাম ৩৫০ টাকার চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে টেলিভিশনে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শতাব্দী ওয়াদুদ। প্রথম অভিনয় করে পেয়েছিলেন ৩৫০ টাকার চেক। সেই টাকা তুলতে বাবার সঙ্গে ব্যাংকে গিয়েছিলেন। বাবা পকেট থেকে এক হাজার টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। সেই বাবাকে ছাড়া প্রথম জন্মদিন কাটল এই অভিনেতার।

১৯৯১ সালে টেলিভিশনে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শতাব্দী ওয়াদুদ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

শুভ জন্মদিন।

ধন্যবাদ।

প্রশ্ন :

দিনটা কীভাবে কাটালেন?

জন্মদিনটা সব সময় আমার জন্য বিশেষ দিন। এ বছর মনটা খারাপ। বাবাকে ছাড়া দিনটি কাটছে। আমার বাবা গত বছরের ফেব্রুয়ারির ২০ তারিখে মারা গেছেন। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে রাতে কেক কেটেছি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন, মেসেজ, ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো বেশ উপভোগ করছি।

প্রশ্ন :

কবে থেকে বুঝলেন আপনার জন্মদিন নিয়ে অনেকের আগ্রহ?

অন্যদের জন্মদিনের শুভেচ্ছা জানাতেই আমার ভালো লাগে। নিয়মিত সবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কখন সবাই আমার জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করল, সেটা ভুলেই গেছি। এটুকু বুঝেছি, ১০ বছর ধরে আমি সর্বজনীন হয়ে গেছি। সবাই খোঁজখবর রাখে, শুভেচ্ছা জানায়।

জন্মদিনটা সব সময় শতাব্দীর জন্য বিশেষ দিন
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

ক্যারিয়ারে প্রায় তিন দশক হতে চলল। এ সময়ে টেলিভিশন অঙ্গনে কাজের কী ধরনের পরিবর্তন চোখে পড়েছে?

কাজের পরিধি বেড়েছে। আগের চেয়ে বেশি এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। একটা সময় শখের জায়গা থেকে অভিনয় শুরু করেছিলাম। এখন সেটাকে তরুণেরা পেশা হিসেবে নিতে পারছেন। একজন অভিনেতা হবেন, সেই স্বপ্ন দেখছেন। এটা অনেক বড় পরিবর্তন।

প্রশ্ন :

মনের মতো চরিত্র বছরে কয়টা পান?

ভালো লাগার জন্যই কাজ করি। ধারাবাহিকে অভিনয় করে তৃপ্তি পাই না। চরিত্র নিয়ে প্রস্তুতি থাকলেও বিভিন্ন কারণে পরে আগ্রহ হারিয়ে ফেলি। একক নাটকে সেটা পাওয়া যায়। চলচ্চিত্রে কাজ করে আরও বেশি ভালো লাগে। সব মিলিয়ে বলা যায়, বছরে দু–তিনটা কাজ করে তৃপ্তি পাওয়া যায়।

প্রশ্ন :

একবার বলেছিলেন, অভিনেতা না হলে ক্রিকেটার হতেন। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা কেন?

বাবার জন্যই ক্রিকেটের প্রতি ভালোবাসা। তিনি ছিলেন ক্রিকেটের ভক্ত। বাবা চাইতেন, আমরা তিন ভাইয়ের একজন ক্রিকেটার হই। আমরা কেউই বাবার ইচ্ছা পূরণ করতে পারিনি। কিন্তু আমরা যা করেছি, তাতে বাবা কখনো নিষেধ করেননি। এখানেও বাবার ভালোবাসা ছিল।

পরিবারের সঙ্গে শতাব্দী
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

আপনার প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে?

প্রথমে মাশরাফি, তারপরে সাকিব আল হাসান।

প্রশ্ন :

আপনার সফলতার পেছনে বড় বাধা কী ছিল?

আমি ছিলাম পরিবারের বড় ছেলে। অভিনয় করতে পারব কি না, সেটা নিয়ে ভাবতাম। কারণ, আমাদের শুরুর সময়টায় অভিনয় ছিল শখের বিষয়। তখন ভাত খাওয়ার জন্য লাগবে চাকরি। অভিনয় নিয়ে আমি অনিশ্চয়তায় ভুগতাম। চাকরি যদি না করি, তাহলে আমি কি অভিনয় করে যেতে পারব? সেটিই সবচেয়ে বেশি ভাবতাম। এদিকে এমনও দিন গেছে, এসএসসি পরীক্ষার আগে রাত ১০টায় থিয়েটার করে ফিরতাম।

মঞ্চ নাটকের দৃশ্যে শতাব্দী
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম নাটকে অভিনয় করে পারিশ্রমিক কত টাকা পেয়েছিলেন?

আমার প্রথম পারিশ্রমিক ৩৫০ টাকা। একটি চেক পেয়েছিলাম। বিটিভির সেই চেক নিয়ে মায়ের হাতে দিয়েছিলাম। পরে বাবা ব্যাংকে নিয়ে গিয়ে এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন।

প্রশ্ন :

সহকর্মীদের কাছ থেকে সবচেয়ে বেশি শুনেছেন কোনো কথাটা?

‘দাদা, তুমি খুব মজার মানুষ’—এটাই আমার সেরা পাওয়া। আমি কাজের সময় সবাইকে সহযোগিতা করি। এটা তাঁরা সবাই পছন্দ করেন।

শতাব্দী ওয়াদুদ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

শুটিং ইউনিটে কখন মন খারাপ হতো?

অনেক সময় ছোট ছোট ভুলের কারণে প্রোডাকশন বয়দের শুটিং থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনা আমাকে খুব কষ্ট দিত। কারণ, তাঁদের আয় কম, কিন্তু তাঁরা অনেক কাজ করেন। একবার শুটিং সেটে একজন প্রোডাকশন বয় আমাকে পানি খেতে দিয়েছিলেন। কিন্তু গ্লাসটা পিরিচে করে দিতে ভুলে গিয়েছিলেন। এ ঘটনায় তাঁর চাকরি চলে যায়। সেদিন আমার নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল।

প্রশ্ন :

এখন ব্যস্ততা কী নিয়ে?

আমার পাঁচটি ছবি পাইপলাইনে আছে। এ বছর ছবিগুলো মুক্তি পাবে। ‘মাশরাফি জুনিয়র’সহ তিনটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি।

শতাব্দী ওয়াদুদ
ছবি: সংগৃহীত