প্রথম কিস্তি নাটক, দ্বিতীয় কিস্তি সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুনর্জন্ম ২’-দৃশ্যে মেহ্‌জাবীন চৌধুরী
সংগৃহীত

গত ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’। সেই সময়ই পরিচালক জানিয়েছিলেন পরবর্তী সময়ে দ্বিতীয় কিস্তি তৈরি হবে। তবে নাটক নয়, ‘পুনর্জন্ম ২’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা হলো।
পরিচালক জানান, আগেই ঘোষণা ছিল নাটকটির দ্বিতীয় কিস্তি হবে। তিনি বলেন, ‘দ্বিতীয় কিস্তির গল্প লেখার পর মনে হলো, গল্পটা বেশ পরিপক্ব হয়েছে। সিনেমার ফিল মাথায় রেখেই কনটেন্টটি তৈরি করেছিলাম।’ তিনি জানালেন, কাজ শেষ করে সেন্সর বোর্ডে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতেই জমা দেওয়া দিয়েছিলেন। ২৭ সেপ্টেম্বর ছবিটির সেন্সর ছাড়পত্র দিয়েছে বোর্ড।

ভিকি জাহেদ বলেন, ‘কনটেন্টটি বানানোর পর মনে হয়েছিল, এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হতে পারে। সেই হিসেবেই সেন্সরে জন্য আবেদন করেছিলাম। দেখার পর কালার গ্রেডিং, ফ্রেমিং, মেকিং পছন্দ হয় সেন্সর বোর্ডের সদস্যদের। ছাড়পত্র দেন তাঁরা।’
পরিচালক বলেন, ‘আমি তো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ থেকেই মিডিয়াতে এসেছি। আমার কাজগুলোতে সব সময়ই সিনেম্যাটিক আবহ রাখার চেষ্টা করি। আমার কাজকে নাটক বলে ফেলে দিতে পারবেন না।’

‘পুনর্জন্ম ২’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পাঠানোর পরিকল্পনা চলছে, জানালেন পরিচালক। তবে তার আগে আজ রাতে চ্যানেল আইয়ের জন্মদিনের উৎসবে এটি প্রচারিত হবে।

‘পুনর্জন্ম ২’-তেও অভিনয় করেছেন আফরান নিশো
সংগৃহীত

‘পুনর্জন্ম ২’-তেও প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্‌জাবীন চৌধুরী। আরও অভিনয় করেছেন শাহেদ আলী, নওশাবা।