প্রথম দিন 'ফুল ফোটানোর খেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রয়ের মাধ্যমে সিরিজের নাটকগুলো তুলে নেন পৃষ্ঠপোষকেরা। ছবি: সৌজন্য
ড্রয়ের মাধ্যমে সিরিজের নাটকগুলো তুলে নেন পৃষ্ঠপোষকেরা। ছবি: সৌজন্য

আসছে ঈদুল ফিতরে একই সঙ্গে, একই সময়ে তিনটি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর নাটকগুলো। এগুলোর মধ্যে ঈদের প্রথম দিন থাকবে তীর নিবেদিত কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত নাটক ‘ফুল ফোটানোর খেলা’।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ফ্রেশ নিবেদিত সুমন আনোয়ারের ‘রাতুল বনাম রাতুল’, তৃতীয় দিন স্কয়ার নিবেদিত আশফাক নিপুনের ‘দ্বন্দ্ব সমাস’, চতুর্থ দিন ফ্রেশ নিবেদিত তানিম রহমান অংশুর ‘কে? কেন? কীভাবে?’, পঞ্চম দিন দেখানো হবে গ্রামীণফোন নিবেদিত রবিউল আলমের ‘মুখোমুখি’, ষষ্ঠ দিন রেকিট-বেনকিজার নিবেদিত অমিতাভ রেজা চৌধুরীর ‘মার্চ মাসে শুটিং’ এবং ঈদের সপ্তম দিন প্রচারিত হবে মেরিকো নিবেদিত গৌতম কৈরির ‘শেষটা একটু অন্য রকম’। আরটিভি, জিটিভি এবং মাছরাঙা টেলিভিশনে রাত আটটায় দেখানো হবে নাটকগুলো। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিশেষ ড্রয়ের মাধ্যমে স্পনসররা সিরিজের নাটকগুলো বেছে নেন।
আয়নাবাজি অরিজিনাল সিরিজের প্রযোজক এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল বলেন, ‘বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অন্যতম মাইলফলক “আয়নাবাজি”। আমরা যারা এ সিনেমার সঙ্গে যুক্ত তারা সবাই “আয়নাবাজি”র সাফল্যে গর্বিত। অরিজিনাল সিরিজে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় স্পনসরদের প্রতি আমরা কৃতজ্ঞ।
‘আয়নাবাজি’ চলচিত্রের মূল বিষয়কে ঘিরে গড়ে উঠছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর গল্প।