প্রথমবার দেশের বাইরে, একা

প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন তরুণ অভিনেত্রী ও মডেল সাফা কবির। বেশ কিছুদিন তাঁকে থাকতে হবে ভারতের কলকাতায়। ব্যক্তিগত কাজের ফাঁকে ফাঁকে ঘুরেও বেড়াবেন তিনি। সেখানে তাঁকে যেতে হয়েছে একা, বেশ কিছুদিন থাকতে হবে পরিবারকে ছেড়ে।
আজ শুক্রবার সকালে বিমানবন্দর থেকে ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন তিনি। মন্তব্যের ঘরে তারই এক সহশিল্পীর সঙ্গে করতে দেখা গেছে মিষ্টি আলাপ। উপস্থাপিকা মারিয়া নূর সেখানে লিখেছেন, ‘মজা কর’। উত্তরে সাফা লিখেছেন, ‘না মারিয়া, এই প্লেনটা ডুবে যাবে পানিতে, আমি মরে যাব।’ মারিয়া লিখেছেন, ‘আচ্ছা ডুবে যাওয়ার আগে একটা কল দিস, উড়োজাহাজের নিচে একটা জায়গা রেখে দিবনে। সাফা, ‘রবির নেটওয়ার্ক তো সব জায়গায় জ্বলে ওঠে না; ক্যামনে দিব কল, বলরে মেয়ে বল।’ মারিয়া, ‘মেয়ে ককপিটে যাবি, পাইলটকে কবি, আমি সাফা কবির, করতে আসছি তদবির, দাও তোমার ফোন তখন হবে কথোপকথন।’
গত রাতে মুঠোফোনে সাফা জানান, কলকাতায় কিছুদিন থাকতে হবে তাঁকে। দেশের শুটিংগুলো শেষ করে প্রথমবারের মতো তিনি যাচ্ছেন দেশের সীমানার বাইরে।