প্রসূন আজাদের বিরুদ্ধে রোকেয়া প্রাচীর অভিযোগ

ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ—নাটকের এই তিন সংগঠনের কাছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। যথাসময়ে নাটকের শুটিংয়ে না যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করে স্ট্যাটাস দেন। এরপর ১৯ অক্টোবর নাটকের তিন সংগঠনের কাছে অভিযোগ করেন প্রাচী।
চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিতব্য স্বপ্ন সত্যি হতে পারে নাটকের শুটিংকে কেন্দ্র করে ১৮ অক্টোবর রোকেয়া প্রাচী ও প্রসূন আজাদের মধ্যে এমন ঘটনা ঘটে। পরিচালনার পাশাপাশি এই নাটকের প্রযোজকও ছিলেন প্রাচী।
গতকাল শুক্রবার প্রথম আলোকে প্রাচী বলেন, ‘অল্প কথায় বলতে চাই, প্রসূন আজাদের কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো হয়েছিই, চরমভাবে অসম্মানিতও হয়েছি। সে শুধু আমাকে নয়, কথাবার্তার মাধ্যমে পুরো পরিচালক সমাজকে অসম্মান করেছে।’
প্রসূন আজাদ পাল্টা অভিযোগ করে বলেন, ‘রোকেয়া প্রাচী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সবার সামনে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছেন আমাকে। এরপর তো তাঁর সঙ্গে কাজ করার কোনো প্রশ্নই আসে না। তাই আমি চলে এসেছি।’