প্রাচীর অভিযোগে চিঠি গেল প্রসূনের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী, প্রসূন আজাদ
রোকেয়া প্রাচী, প্রসূন আজাদ

কদিন ধরেই অভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রসূন আজাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানান মাধ্যমে আলোচনা। ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনটি সংগঠনে অভিনেত্রী প্রসূনের বিরুদ্ধে অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী অভিযোগও করেন। এই ভিত্তিতে গত মঙ্গলবার নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে প্রসূনের কাছে। ৭২ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে এ অভিনেত্রীকে।
চিঠিতে ‘বিষয়’ লেখা হয়েছে ‘শুটিং-সংক্রান্ত অপেশাদার আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তদসংশ্লিষ্ট আপত্তিকর স্ট্যাটাস লেখা প্রসঙ্গে কারণ দর্শানো নোটিশ’।
চিঠির ব্যাপারে জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘একসঙ্গে কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। কিন্তু সেটা নিজেরা সমাধান করে ফেলা উত্তম। এটা নিয়ে ফেসবুকে বাজে স্ট্যাটাস দেওয়া কোনোভাবেই কাম্য নয়। অভিনয়শিল্পীদের কাছ থেকে আমরা এ ধরনের আচরণ আশা করি না।’ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও অভিনয়শিল্পী সংঘের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘আমাদের কাছেও অভিযোগ এসেছে। আমরা ও ডিরেক্টরস গিল্ড বসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
অবশ্য ডিরেক্টরস গিল্ড থেকে দেওয়া চিঠিতেই বাকি দুই সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, সবাই মিলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিঠি পাওয়ার পর প্রসূনের অবস্থান জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ডিরেক্টরস গিল্ড থেকে চিঠি পেয়েছি। এখনো সিদ্ধান্ত নিইনি। জানি না কী করব। আমার মন চাইলে আমি যাব। আমি শান্তিপ্রিয় মানুষ। কেউ মীমাংসার জন্য এলে আমিও এগিয়ে যাব। আমার মাথা নিচু করার কোনো কারণ নাই।’
উল্লেখ্য, চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিতব্য স্বপ্ন সত্যি হতে পারে নাটকের শুটিংকে কেন্দ্র করে ১৮ অক্টোবর রোকেয়া প্রাচী ও প্রসূন আজাদের কথা-কাটাকাটি হয়। এরপর দুজন ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করে স্ট্যাটাস দেন। ১৯ অক্টোবর নাটকের তিন সংগঠনের কাছে অভিযোগ করেন প্রাচী। নাটকটি পরিচালনার পাশাপাশি তিনি এর প্রযোজকও ছিলেন।