প্রেমের পথ গিয়ে মিলল বিয়েতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর শখ-নিলয়
বিয়ের পর শখ-নিলয়

শখ-নিলয় দুজনেরই ছিল ফোন বন্ধ। কোনোভাবেই মিলছিল না তাঁদের খোঁজ। ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তাঁরা বিয়ে করে ফেলেছেন।


বিয়ের খবর নিশ্চিত হতে যোগাযোগ করা হয় শখের বাবা শামীম কবিরের মুঠোফোনে। ‘আমি এখন অনেক ব্যস্ত। বাসার বাইরে আছি। মোবাইলের নেটওয়ার্কও ভালো না। তা ছাড়া এসব নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না’—বলেই ফোনের লাইনটা কেটে দেন তিনি। এরপর তাঁর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিয়ের পর শখ-নিলয়
বিয়ের পর শখ-নিলয়

কিছুক্ষণ পরেই নিলয়ের মুঠোফোন থেকে ফিরতি একটি ম্যাসেজ আসে; যেটি মূলত বিবাহের শুভেচ্ছাবার্তার উত্তর। তাতে লেখা, ‘থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। কি বলবেন বুঝছি। ফেসবুকে আসেন, ছবি দিচ্ছি।’

এরপরই ফেসবুকে কথা হয় নিলয়ের সঙ্গে। জানান, হঠাৎ করেই বিয়ের কাজটা করে ফেলতে হয়েছে। এই কথা বলার পর আবার চুপ হয়ে যান নিলয়। এদিকে মোবাইলও আবার বন্ধ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পরই বেশ কয়েকটা ছবি পাঠালেন নিলয়। বর-কনের ছবি।

বিয়ের পর শখ-নিলয়
বিয়ের পর শখ-নিলয়

এরপর পরই মুঠোফোনে কথা হয় নতুন বর-কনের সঙ্গে। নাটক বা টেলিছবির বর-কনে নয়, একেবারে বাস্তব জীবনের। আর এই শুভ পরিণতিতে পৌঁছাতে অনেক জল ঘোলা করতে হয়েছে শখ-নিলয়কে। ২০১১ সালের নভেম্বর মাসে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা। ২০১২ সালের সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সম্পর্ক নিয়ে ওঠে গুঞ্জন, যে গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাঁরা নিজেদের প্রেমের ব্যাপারে ছিলেন বেশ খোলামেলা। বছরখানেক পরই ফেসবুকে বদলে যায় তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাস। দুজনের প্রোফাইলে ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ’ থেকে ‘সিঙ্গেল’-এ ফিরে যান তাঁরা।

বিয়ের পর শখ ও নিলয়
বিয়ের পর শখ ও নিলয়

২০১৩ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে দুজন একে অপরের ছায়াও মাড়াতেন না বলে জানা গেছে। গত বছরের মাঝামাঝি সময়ে আলোচিত এই জুটির সেই শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। আবারও জুটি বেঁধে অভিনয় শুরু করেন তাঁরা। আর গতকাল রাতে তাঁদের প্রেমের পথ গিয়ে মিলল বিয়েতে।

বিয়ের পর প্রথম ভক্ত-অনুরাগী-বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন আনিকা কবির শখ।