ফেব্রুয়ারিতে নতুন চার ধারাবাহিক

ফেব্রুয়ারি মাসে একুশে টেলিভিশনে প্রচার শুরু হবে নতুন চারটি ধারাবাহিক নাটক। এর মধ্যে অন্ধকারের গান নাটকটি রচনা করেছেন নজরুল ইসলাম খান এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, ঊর্মিলা প্রমুখ। সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি।
ইরাজ আহমেদের রচনা ও মোন্তাসির বিপনের পরিচালনায় কাছাকাছি নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জেনি, শতাব্দী ওয়াদুদ, মঈন আহমেদ, নাজিবা বাশার, আনোয়ারুল হক, সাজু খাদেম, স্বাগতা, এজাজুল ইসলাম প্রমুখ। একই দিনগুলোতে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটকটি।
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক রূপকথার মা-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, মাজনুন মিজান, টুটুল চৌধুরী প্রমুখ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। একই দিনগুলোতে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে থার্ড আই ধারাবাহিক। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, আফরান নিশো, সাদিয়া ইসলাম প্রভা, সাজু খাদেম, অপর্ণা, আলিফ প্রমুখ।