ফেরদৌসের নাটক 'ম্যানিকিন'

অভিনেতা ফেরদৌসকে তো সবাই চেনেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বোধ হয় এবার নিয়মিত নাট্যকার হিসেবেই দেখা যাবে তাঁকে। এবার লিখলেন নাটক ‘ম্যানিকিন’। আন্তন চেখভের একটি ছোটগল্পের ছায়া অবলম্বনে নাটকটি লিখেছেন এই চলচ্চিত্র তারকা।
‘দ্বিধাদ্বন্দ্ব ও ভালোবাসা’ নামে প্রথম নাটক লিখেছিলেন তিনি। গত বছর ঈদুল ফিতরে নাটকটি প্রচারিতও হয়েছিল।
নায়ক ফেরদৌসকে কি নিয়মিত নাট্যকার হিসেবে দেখা যাবে? মুঠোফোনে ফেরদৌস বলেন, ‘ইচ্ছা আছে। লিখতে আমার ভালো লাগে। যেহেতু সাংবাদিকতায় পড়েছি, লেখার প্রতি একটা ঝোঁক তো আছেই। এই মুহূর্তে আরও তিনটি গল্প লেখা আছে।’
অন্যের চিত্রনাট্যে সহশিল্পী হিসেবে ফেরদৌসের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। এবার ফেরদৌসের লেখা চিত্রনাট্যে অভিনয় করছেন তিনি। কেমন লাগছে পূর্ণিমার কাছে? তিনি বলেন, ফেরদৌস আমার বন্ধু, একজন ভালো অভিনেতা। তাঁর মধ্যে আরেকটি প্রতিভা খুঁজে পেলাম। মজা করেই কাজটি করছি।’ নাটকে পূর্ণিমার বিপরীতে আছেন সজল।
নাটকটির পরিচালক আবির খান বলেন, গত বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে। বোটানিকাল গার্ডেনসহ মিরপুরের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। নাটকটি ঈদুল ফিতরে বাংলাভিশনে প্রচারিত হতে পারে।