ফেলুদা এবার বাংলাদেশে

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি চরিত্র এটি। এবার ‘ফেলুদা’ সিরিজের ২০টি গল্প নিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। নির্মাণ করছে আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেড। দুই বাংলায় এবারই প্রথম সত্যজিতের পুত্র সন্দীপ রায় ছাড়া ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক তৈরি হচ্ছে।
১৯৬৫ সালে কলকাতার সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প এবং উপন্যাস প্রকাশিত হয়েছে।
সম্প্রতি কলকাতায় সন্দীপ রায়ের কাছ থেকে ২০টি গল্পের অনুমতি নিয়েছেন আলফা আই মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। প্রতিটি গল্প থেকে তৈরি করা হবে পাঁচ পর্বের একটি করে ধারাবাহিক। নির্মাণ করবেন দেশের প্রথম সারির নির্মাতারা।
নাটক নির্মাণের জন্য যে ২০টি গল্পের অনুমতি নেওয়া হয়েছে সেগুলো হলো- ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘কৈলাস চৌধুরীর পাথর’, ‘শেয়াল-দেবতার রহস্য’, ‘বাক্স-রহস্য’, ‘সমাদ্দারের চাবি’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘গোঁসাইপুর সরগরম’, ‘গোরস্থানে সাবধান’, ‘গোলোকধাম রহস্য’, ‘নেপোলিয়নের চিঠি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘অম্বর সেন অন্তর্ধান রহস্য’, ‘জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা’, ‘বোসপুকুরে খুনখারাবি’, ‘অপ্সরা থিয়েটারের মামলা’, ‘শকুন্তলার কণ্ঠহার’, ‘ডা. মুনসীর ডায়েরি’, ‘নয়ন রহস্য’, ‘গোলাপি মুক্তা রহস্য’, ‘রবার্টসনের রুবি’ ও ‘ইন্দ্রজাল রহস্য’।
শাহরিয়ার শাকিল বললেন, ‘ফেলুদা আমার খুব পছন্দের একটি চরিত্র। আর সে কারণে ফেলুদা নিয়ে আমার আগ্রহও অনেক দিন আগে থেকেই। সত্যজিৎ রায় ফেলুদা সিরিজের ‘‘সোনার কেল্লা’’ ও ‘‘জয় বাবা ফেলুনাথ’’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।’
শাহরিয়ার শাকিল এও বলেন, ‘বর্তমানে সত্যজিতের পুত্র সন্দীপ রায় ফেলুদার গল্প ও উপন্যাস নিয়ে টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণ করছেন। আর সে কারণেই টেলিভিশন নাটক নির্মাণের জন্য সন্দীপ রায়ের কাছ থেকে আমরা ২০টি গল্পের অনুমতি নিয়েছি। এবারই প্রথম আমরা ‘‘ফেলুদা’’ নিয়ে কাজ করছি।’