ফেসবুকে আসছেন তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

এত দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে গেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা। প্রথম আলোকে তিনি বলেছিলেনও, তিনি ফেসবুকপন্থী নন। তাই তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তিশা ভক্তদের জন্য আনন্দের খবর এই যে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে ফেসবুকে যুক্ত হচ্ছেন তিনি। গতকাল শুক্রবার ঢাকার গুলশানের নিকেতনে এক ঘরোয়া আড্ডায় তেমনটাই জানিয়েছেন তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই অভিনয়শিল্পী তিশা ভক্তদের আরও কাছাকাছি থাকার ভাবনা থেকে ফেসবুকে নিজের একটি পেজ চালু করবেন। এতে তাঁর সব ধরনের কাজের তথ্য থাকবে বলে জানান তিশা।
তিশা ফেসবুকে না থাকলেও তাঁর নামে কয়েকটি অ্যাকাউন্ট চালু আছে। তিশা বলেছেন, এসব পেজের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
তিশা জানান, ‘ফেসবুকে খুব শক্তিশালী একটা মাধ্যম। এই মাধ্যম দিয়ে সবাই নিজেদের কাজকর্মের খবর ও প্রতি মুহূর্তের ভাবনা সবার সঙ্গে ভাগাভাগি করতে পারে। আমিও ভাবছি, ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগটা অব্যাহত রাখতে। সব ধরনের কাজের খবর এই মাধ্যম দিয়ে জানাতে। আশা করছি, এর ফলে আমার যেকোনো কাজ সম্পর্কে ভক্তদের প্রতিক্রিয়া সরাসরি জানতে পারব।’
এদিকে তিশা কাল থেকে নতুন ছবির শুটিংয়ে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিশা। তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।