ফেসবুকে ভেরিফায়েড শাইখ সিরাজ

ফেসবুকে ভেরিফায়েড হলো কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ফেসবুক পেজ। সাংবাদিক বিভাগে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুক সদর দপ্তর থেকে কর্তৃপক্ষ তাঁর পেজ ভেরিফায়েড করে। শাইখ সিরাজের ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে এ তথ্য জানানো হয়।
পেজ ভেরিফায়েড হওয়ার পর শাইখ সিরাজ এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ফেসবুক আমার পেজ ভেরিফায়েড করেছে। আমি উচ্ছ্বসিত ও সম্মানিত। এর পেছনে বড় অবদান আমার বন্ধুদের, যারা সবসময় ফেসবুকে আমার সঙ্গী।’
এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমার ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়াতে আমি সত্যিই খুব খুশি। এই মূল্যায়ন কোনো সেলেব্রিটিকে করা হয়নি, মূলত বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদের করা হয়েছে।’
জানা যায়, শাইখ সিরাজের ব্যক্তিগত পেজে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইকের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৫১৭। এই পেজটিতে কখনো কোনো পোস্ট প্রমোট করা হয়নি।
শাইখ সিরাজ তাঁর কাজের স্বীকৃতি হিসেবে দেশি-বিদেশি অর্ধশতাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে, একুশে পদক (১৯৯৫), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এএইচ বুর্মা অ্যাওয়ার্ড (২০০৯), ব্রিটেনের বিসিএ গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের বিশেষ সম্মাননা।
সাংবাদিক ছাড়াও তারকা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, জাতীয় খেলার দল, গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান, সুপরিচিত ব্র্যান্ড ক্যাটাগরির পেজ ভেরিফায়েড করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ।