বই লিখে বাজিমাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম শিকদার
কুসুম শিকদার

নাচ, গান, অভিনয়ের পর এবারের অমর একুশের গ্রন্থমেলায় কবি হিসেবে আত্মপ্রকাশ করেন কুসুম শিকদার। নিজের লেখা প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’র জন্য পুরস্কারও পাচ্ছেন তিনি। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের ‘খ’ শাখায় পুরস্কার হিসেবে তিনি পাবেন ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
দুই বাংলার ছবি শঙ্খচিলের শুটিংয়ের কারণে কুসুম এখন আছেন কলকাতায়। ছবিটিতে কুসুম অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বিপরীতে। কলকাতা থেকে মুঠোফোনে কুসুম বলেন, ‘এটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার। যেখানে বই লেখার কথাই ভাবিনি, সেখানে পুরস্কার পাওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে অনেক অনেক বেশি আনন্দের।’
বাংলা একাডেমির নজরুল মঞ্চে কুসুমের কবিতার বই ‘নীল ক্যাফের কবি’ প্রকাশিত হয় গত ১০ ফেব্রুয়ারি। মানুষ আর প্রকৃতি কুসুমের লেখার প্রধান বিষয়। এ ছাড়া বিভিন্ন সময়ের নানা ঘটনার নিজস্ব বহুমুখী অনুভূতির প্রকাশ হয় তাঁর কবিতাগুলোর মধ্যে। কুসুম বলেন, ‘মানুষের সম্পর্কের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিল এবং তুলনা আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি।’
অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত ‘নীল ক্যাফের কবি’ বইতে মোট ৩৪টি কবিতা রয়েছে।