‘বউয়ের মূল্যায়নটাই জরুরি’
অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক কচি খন্দকারের আজ জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। এই অভিনেতা বলেন, ‘পরিবার বলতে বউ নাজেরা ইসলাম স্বপ্নাই আমার সবকিছু। তার সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি কাটিয়ে আনন্দ পাই। বন্ধুবান্ধব, কাছের কেউ কেউ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ভালো লাগছে।’ কথার সুরে কি কিছুটা অভিমান? কী অভিমান?
কচি খন্দকার বলেন, ‘দর্শকের ভালোবাসায় কোনো ঘাটতি নেই। বহুবার এই ভালোবাসা দেখেছি। কিন্তু আমার নিজ অঙ্গনের মানুষেরা আমাকে ততটা মূল্যায়ন করেন না। দুই–চারজন ব্যতিক্রম। অবমূল্যায়ন আমাকে আহত করে। যাঁর যতটুকু সম্মান প্রাপ্য, সেটি দেওয়া দরকার। এটি মানুষকে অনুপ্রাণিত করে। আমি যখন থাকব না, তখন অনেকেই যে কাজগুলোর জন্য মূল্যায়ন করছে না, সেগুলোর জন্যই মূল্যায়ন করবেন। কিন্তু আমি দেখে যেতে পারব না। এটি জীবিত অবস্থায় বেদনাদায়ক। সেই জায়গা থেকে আমার বউয়ের ওপর খুবই খুশি।’
এই অভিনেতা বিভিন্ন সময় দেখেছেন, শিল্পের মানুষেরা জীবিত শিল্পী বা অন্য পেশার গুণীদের ভালোবাসা দিতে কার্পণ্য করেন। অনেক সময় তাঁরা সামনাসামনি ভালোবাসা দেখান, কিন্তু পেছনে স্বীকার করেন না। আবার মারা গেলে গলা উঁচু করে তাঁদের প্রশংসায় ব্যস্ত হন। কচি খন্দকার বলেন, ‘এই ক্ষেত্রে আমার বউ সব সময় সূক্ষ্ম মূল্যায়ন করে। বউয়ের মূল্যায়নটাই জরুরি, প্রয়োজনীয়। সে আমার সম্পর্কে সব জানে। আমি কোনো কিছু লিখেই তাকে দেখাই। তার উৎসাহ না থাকলে বুঝতে পারি, এটা পরিবর্তন করা দরকার। তার খুশি থাকাটা আমার কাছে গুরত্বপূর্ণ।’
কচি খন্দকার মনে করেন, তিনি যে কাজগুলো করেছেন তা কিছুটা ব্যতিক্রম। তাঁর লেখা ‘ক্যারাম’, ‘কবি’, ‘বাইসাইকেল’, ‘ভূগোল’ নাটকগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘টেলিভিশন ও থিয়েটারে এমন অনেক ভালো কাজ আছে, যেগুলো নতুন ধারণার জন্ম দেয়। আমার নির্মাণ, গল্প লেখার প্যাটার্ন, ভালো চরিত্রের কাজ নিয়ে কেউ কথা বলেন না। কিন্তু কিছু মানুষ কমেডি কাজগুলো নিয়ে আমাকে হালকা করার চেষ্টা করেন। এগুলো সূক্ষ্মভাবে দেখতে গেলে মনে হয় আমি রাজনীতির শিকার। ভারতে শিল্পী–কলাকুশলীদের সম্মান করে, আমরা পারি না। তবে অভিনেতা মোশাররফ করিম, নির্মাতা আশুতোষ সুজন, শরাফ আহমেদ, রেদওয়ান রনিসহ অনেকেই আমাকে খুশি করার জন্য কিছু বলেন না। আজ মাশরাফি বিন মুর্তজাসহ অনেক নির্মাতা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এসব ভালোবাসা পাওয়ার পর বাকিটা নিয়ে আফসোস করি না।’
বর্তমানে কচি খন্দকার ধারাবাহিক ‘হাউস নাম্বার ৯৬’ এবং কিছু একক নাটক নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ‘এখন নাটকে অভিনয়ে আগ্রহ পাই না। চরিত্রের কোনো ভ্যারিয়েশন নেই। নাটক ও সিনেমা নির্মাণেই ব্যস্ত হচ্ছি।’