বউয়ের সাজেই সারা রাত!

গত বছর ঈদুল ফিতরে প্রচারিত হয় ভাবনা অভিনীত নাটক প্রতিদিন শনিবার। ওটাই শেষ। এরপর টিভি নাটকে আর দেখা যায়নি ভাবনার মুখ। এবার প্রায় এক বছর বিরতির পর নাটকে ফিরছেন ভাবনা। নাম বুবনের বাসররাত। রচনা ও পরিচালনা দুটোই অনিমেষ আইচের। লম্বা বিরতির পর এই নাটক দিয়ে অনিমেষেরও টিভি নাটকে ফেরা হচ্ছে।
নিতু নামে এক মেয়ের বাসররাতের গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। এই নিতু চরিত্রেই থাকছেন ভাবনা। পুরো নাটকে বউ সেজে অভিনয় করতে হবে তাঁকে। শুটিংও চলছে শুধু রাতের বেলায়। ভাবনা বললেন, ‘মাঝে অনিমেষ আইচের ভয়ংকর সুন্দর ছবির জন্য বিরতি নিয়েছিলাম। শুটিংয়ের আগে প্রায় ছয় মাস প্রস্তুতি নিয়েছি চলচ্চিত্রের জন্য।’
ভাবনার মতো পরিচালক অনিমেষ আইচও বললেন একই কথা, ‘ভয়ংকর সুন্দর ছবির জন্যই এত দিন নাটক নির্মাণ করিনি। ছবির কাজ প্রায় শেষ। ডাবিংয়ের কাজ অল্প বাকি। তাই এ ফাঁকে নাটকের কাজ আবার শুরু করলাম।’
অনিমেষ আইচ বলেন, নাটকটি ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে। এর গল্প কমেডি ঘরানার। ঈদের সময়কার পরিবেশকে মাথায় রেখেই কাজটি করছেন অনিমেষ।
বুবনের বাসররাত নাটকে বুবন চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।