বছর ঘুরে আবার 'ছিটকিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিটকিনি ছবির দৃশ্যে রুনা খান
ছিটকিনি ছবির দৃশ্যে রুনা খান

প্রায় এক বছর বন্ধ ছিল অনুদানের ছবি ছিটকিনির কাজ। অপেক্ষা ছিল কবে আসবে শীতকাল, কবে চারপাশ ঘিরে ধরবে ঘন কুয়াশা! প্রকৃতি জানান দিচ্ছে, এসব এখন ঢের পাওয়া যাচ্ছে চারপাশে। তাই আবার চালু হয়েছে ছিটকিনির ক্যামেরা। এ কারণেই ছিটকিনি ছবির পুরো দল এখন ব্যস্ত। যে করেই হোক, এই শীতেই শেষ করতে হবে ছবির শেষ ধাপের শুটিং। গত শুক্রবার থেকে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ছিটকিনি ছবির কাজ। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সরকারি অনুদানে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন সাজেদুল আউয়াল।
ছিটকিনির মূল চরিত্র পাথরশ্রমিক মায়মুনা। এই চরিত্রে অভিনয় করছেন রুনা খান। টাঙ্গাইল থেকে প্রথম আলোকে এই অভিনেত্রী জানালেন, আগামী কয়েক দিন নাগরপুরেই থাকবেন তাঁরা। পালাগানসহ বেশ কিছু দৃশ্য ধারণ করা হবে এখানে। পরিচালক জানান, শুটিংয়ে মলুয়া পালাগান পরিবেশন করবেন কেন্দুয়ার দিলু বয়াতি ও তাঁর দল।
রুনা খান বললেন, ‘এই ছবিতে অভিনয় করতে গিয়ে একজন পাথরশ্রমিকের জীবনের কষ্ট ও আনন্দ খুব কাছ থেকে দেখেছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। গেল বছর এই সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছে পঞ্চগড়ে।’ ছিটকিনিতে আরও অভিনয় করছেন আমিনুর রহমান, মাহমুদুল ইসলাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।