বড়দিনে তিশার উপহার

বান্দরবান থেকেও ২০ কিলোমিটার দূরে একেবারে পাহাড়ের পাদদেশে একটি সবুজ গ্রাম। নাটক কিংবা সিনেমা দেখে বিনোদন নিতে চাইলে সেখানকার মানুষকে এখনো অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ১৩ থেকে ১৫ ডিসেম্বর সেই রোয়াংছড়ির বটতলি গ্রামে অন্য রকম আমেজ ছড়িয়ে পড়েছিল। সেখানে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী তিশা। সেই প্রত্যন্ত গ্রামের লোকজনও তিশাকে চেনেন! এই ভেবে বিস্ময় ভর করেছিল তিশার ওপর। টানা তিন দিন সেই বিস্ময় নিয়েই বান্দরবানে উপহার নামের একটি নাটকের শুটিং করেছেন তিশা। তিশাকে কাছে পেয়ে পাহাড়ঘেরা গ্রামের সেই মানুষদের উচ্ছ্বাস যেন এই অভিনেত্রীর কাছে সত্যিকারের উপহার হয়েই এসেছিল।
শীত, কুয়াশা, অতঃপর পাহাড়ি ঝুমবৃষ্টির কবলে পড়ে নাটকের পুরো দলকে ঝক্কিও পোহাতে হয়েছে অনেক। কিন্তু এই পরিশ্রম নিয়ে তেমন ভাবনা নেই তিশার। তিনি বললেন, ‘প্রতিটি কাজই আমরা সবাই অনেক কষ্ট ও পরিশ্রম নিয়ে করি। যখন গল্প ও স্ক্রিপ্ট ভালো হয়, তখন আনন্দ নিয়ে সেই কষ্ট আমরা করি। উপহার নাটকের গল্পটিও খুব ভালো, তাই এই কাজের জন্য যে কষ্ট সবাই করেছি, দর্শকদের ভালো লাগলেই কাজটি সফলতা পাবে।’
পাহাড়ের পাদদেশে অবস্থিত বটতলি মিশনারি হোস্টেল নামে একটি আশ্রমে হয়েছে উপহার নাটকের শুটিং। ডেভিড প্রণব দাসের গল্পভাবনায়, আপেল মাহমুদের চিত্রনাট্যে এই নাটকটি পরিচলনা করেছেন জয়ন্ত রোজারিও। বড়দিনের বিশেষ অনুষ্ঠান হিসেবে নাটকটি এনটিভিতে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার করা হবে। এতে আরও অভিনয় করেছেন নাবিলা, সাব্বির, শিশুশিল্পী রাতুল ও রোহান।
বান্দরবানের প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ‘আমি খুব অবাক হয়েছি সেখানকার মানুষদের অভিব্যক্তি দেখে। তাঁরা আমাকে এত ভালোভাবে চেনেন, সত্যিই এত ভালোবাসা পেলে অভিনেত্রী হিসেবে দায়বদ্ধতাটা যেন আরও বেড়ে যায়।’
নাটকের পরিচালক জয়ন্ত বলেন, ‘তিন দিন সেখানে শুটিং করেছি। দূরদূরান্ত থেকে মানুষ আসত শুটিং দেখতে, আমাদের টিমের জন্য নানা ধরনের খাবার নিয়ে। সেখানে শুটিংয়ে না গেলে হয়তো এ অভিজ্ঞতাটা কখনোই পেতাম না। এখন দেখা যাক, দর্শকেরা এই নাটকটি কতটা উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেন।’